বাদীপক্ষের আপিলের সমান সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন বিল, ২০১৩ গত রোববার জাতীয় সংসদে পাস হয় এবং গতকাল রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে তা আইনে পরিণত হয়েছে। ২০০৯ সালের ১৪ জুলাই থেকে এই আইন কার্যকর বলে গণ্য হবে। আইনে আরও বলা হয়েছে, ৬০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি করতে হবে। ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের সুযোগ ছিল না। ২০০৯ সালের সংশোধনীতে আপিলের সুযোগ রাখা হলেও তা কেবল বিবাদীপক্ষের জন্য উন্মুক্ত ছিল। আর আসামি অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার শর্তে কেবল বাদীপক্ষ আপিল করতে পারতেন, যেটি ন্যায়বিচারের পরিপন্থী বলে আইনবিদদের ধারণা। আইনটি সংশোধনের ফলে এখন বাদী-বিবাদী উভয়ে আপিলের সমান সুযোগ পাবেন।এ ছাড়া ২০০৯ সালের সংশোধনীতে এক মাসের মধ্যে আপিল করার বিধান থাকলেও নিষ্পত্তির সময়সীমা ছিল না। সংশোধনীতে ৬০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে এতে ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচার করার কথা বলা হয়েছে। তবে সংশোধনীতে এ ব্যাপারে বিস্তারিত না থাকায় কীভাবে সংগঠনকে শাস্তি দেওয়া যাবে, তা স্পষ্ট নয়। এটা পরিষ্কার করতে হবে।উল্লেখ করা প্রয়োজন, ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দিলে এর বিরুদ্ধে সমগ্র জাতি প্রতিবাদে ফুঁসে ওঠে। প্রথমে তরুণেরা এই আন্দোলনের সূচনা করলেও পরবর্তীকালে সব শ্রেণী-পেশার মানুষ এতে যুক্ত হন। তাঁদের ক্ষোভের প্রধান কারণ, কাদের মোল্লা একাত্তরে খুন, ধর্ষণসহ মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছেন, তাতে সর্বোচ্চ শাস্তিই তাঁর পাওনা ছিল। দ্বিতীয়ত, অনেকের মনেই সংশয়; আদালত প্রদত্ত দণ্ড তিনি ভোগ করবেন, না ক্ষমতার পালাবদল কিংবা অন্য কোনো রাজনৈতিক হিসাব-নিকাশে রাষ্ট্রপতির অনুকম্পা নিয়ে বেরিয়ে আসবেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের আশঙ্কা অমূলক নয়।এ অবস্থায় কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে ওঠে এবং সেই আন্দোলন গত দুই সপ্তাহে গণজাগরণে রূপ নিয়েছে। শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে আমরাও জাতীয় সংসদের আইনের সংশোধনীকে স্বাগত জানাই। সেই সঙ্গে রাষ্ট্রপতির অনুকম্পা নিয়ে যাতে কোনো যুদ্ধাপরাধী ছাড় না পান, সেই আইনি সুরক্ষাও থাকতে হবে। আইনমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের যে ইঙ্গিত দিয়েছেন, দেশবাসী তার বাস্তবায়নই দেখতে চায়। শাহবাগের এবং সারা দেশের অপরাজেয় তারুণ্য জানিয়ে দিয়েছে, যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো আপস চলবে না। দলমত-নির্বিশেষে যাঁরাই একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সে জন্য এই বিচার-প্রক্রিয়ার সঙ্গে জড়িত তদন্ত টিম ও প্রসিকিউশনকে অধিকতর দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিচার বা শাস্তির বিষয়টি শেষ পর্যন্ত আদালতেই নিষ্পত্তি করতে হবে।