একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা, বিচারের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালায় আনা সর্বশেষ সংশোধনীগুলো এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি। ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত রোববার বিধিমালায় ২৩টি সংশোধনী আনার কথা বলা হয়েছে।এবারের সংশোধনীতে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় রয়েছে তা হচ্ছে, সাক্ষীদের সুরক্ষা এবং অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার সুযোগ নিশ্চিত করা। যেকোনো বিচার-প্রক্রিয়ার ক্ষেত্রেই সাক্ষীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সংশোধিত বিধিতে সাক্ষীর নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিধান রাখা হয়েছে। এই সংশোধনী একজন সাক্ষীকে নির্ভয়ে সাক্ষ্য দিতে উদ্বুদ্ধ করবে। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার-প্রক্রিয়ার জন্য যথাযথ সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন নিশ্চিত করতে হয়, অভিযুক্ত ব্যক্তির পক্ষ ও বিপক্ষের সাক্ষীদের বিষয়টি সে কারণে খুবই গুরুত্বপূর্ণ। এই সংশোধনী সে কারণেই বিচার-প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।বিধি সংশোধনীর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার সুযোগ নিশ্চিত হওয়ার বিষয়টিও একইভাবে বিচার কার্যক্রমের আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। সংশোধিত বিধি অনুযায়ী, কোনো অভিযুক্ত ব্যক্তিকে আটক করার পর এক বছরের মধ্যে তাঁর বিরুদ্ধে যদি তদন্তকাজ শেষ করা না যায়, তবে তিনি জামিন পেতে পারেন; তবে প্রয়োজনে ট্রাইব্যুনাল তদন্তকাজের সময়সীমা এবং আটক রাখার মেয়াদ আরও ছয় মাস বাড়াতে পারবেন। যেকোনো ন্যায়বিচারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সংশোধিত বিধান এ নিয়ে সব ধরনের সমালোচনার দায় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে মুক্তি দেবে।বর্তমান সংশোধনীসহ পুরো বিধিমালা এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফেয়ার ট্রায়াল ম্যানুয়েল, নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদ এবং জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহল বিষয়টির ওপর নজর রাখছে এবং বিচার কার্যক্রমের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছিল। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিশেষজ্ঞদের অনেকে এ ব্যাপারে বিভিন্ন পরামর্শও দিয়েছেন। আমরা মনে করি, এই সংশোধনীগুলোর পর এ নিয়ে আন্তর্জাতিক মহলের সব সংশয় কেটে যাবে।একাত্তর সালে এ দেশের মানবতার বিরুদ্ধে যে জঘন্য অপরাধ হয়েছে, তার বিচার করে দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে ইতিমধ্যেই আমরা অনেক বিলম্ব করে ফেলেছি। সরকারের ঘোষণা অনুযায়ী, এ মাসেই আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বিধিমালায় এই সংশোধনীগুলো করার পর বিচার-প্রক্রিয়া শুরু করতে আর কোনো ধরনের বিলম্ব কাম্য নয়। আমরা চাই, যুদ্ধাপরাধের এই বিচার-প্রক্রিয়াটি দ্রুত শেষ হোক।