ট্রানজিটের আগে চাই পানির ন্যায্য হিস্যা
মনমোহন সিংয়ের ‘ঐতিহাসিক’ সফর শুরুতেই হোঁচট খেয়েছে। বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে, তিস্তা চুক্তি হচ্ছে না। ভারতকে বহু কিছু (সন্ত্রাসী হস্তান্তর, বাণিজ্যসুবিধা সম্প্রসারণ, সীমিত ট্রানজিট ইত্যাদি) একতরফাভাবে প্রদান করার পর ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরে আমাদের অন্যতম একটি প্রত্যাশা ছিল, তিস্তা চুক্তি সম্পাদন। বহু বছর ধরে তিস্তার ৫০ শতাংশ পানি দাবি করে আসছি আমরা। এ চুক্তি হচ্ছেই—এ কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মনমোহনের সফরের ১৬ ঘণ্টা আগেও আমাদের জানালেন। এখন নিশ্চিতভাবে জানা গেল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছেন না বলে এ রকম শর্তে চুক্তি করা যাচ্ছে না! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশকে মাত্র ২৫ শতাংশ পানি দিতে সম্মত আছেন বলে জানিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত ক্ষমতাসীন কংগ্রেস দলের একজন সংসদ সদস্য ১ সেপ্টেম্বর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বর্তমানে তিস্তার ৩৯ শতাংশ পানি পেলেও তিস্তা চুক্তি স্বাক্ষরিত হলে ভারত পাবে ৭৫ শতাংশ! তাঁর বক্তব্য অনুসারে বাংলাদেশ পাবে বাকি মাত্র ২৫ শতাংশ পানি। ভারতের পক্ষে আলোচনাকারী দেশটির নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন তাঁকে এ তথ্য দিয়েছেন বলে তিনি বিবিসিকে জানিয়েছেন। শিবশংকর মেনন ভারত-বাংলাদেশ আলোচনায় ভারতের পক্ষে অন্যতম প্রধান আলোচনাকারী। তিনি যদি সত্যিই এ কথা পশ্চিমবঙ্গের সাংসদকে জানিয়ে থাকেন, তার মানে হচ্ছে, এত দিন বাংলাদেশকে ৪৮ শতাংশ পানি দেওয়ার অসত্য তথ্য দেওয়া হয়েছে অথবা আমাদের সরকার আমাদের ভুল তথ্য জানিয়েছিল। আমরা তবু সরকারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ ২৫ শতাংশের অন্যায্য প্রস্তাবে রাজি হয়নি বলে। তবে আমরা এখনো জানি না, কী পরিমাণ পানির শতাংশ নিয়ে কথা বলছি আমরা। তিস্তায় শুকনো মৌসুমে ঐতিহাসিকভাবে অন্তত গড়ে ১৪ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো। উজানে ভারতের বড় তিনটি প্রকল্পের মধ্যে বাংলাদেশের সীমান্তের সবচেয়ে কাছাকাছি প্রকল্পটি হচ্ছে জলপাইগুড়ির গজলডোবা ব্যারাজ। ভারত আরও উজানে (সিকিম ও সিকিম-পশ্চিমবঙ্গ সীমান্তে) একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে ভাগাভাগির জন্য গজলডোবা পয়েন্টে এখন ঠিক কী পরিমাণ পানি অবশিষ্ট আছে, তা-ই আমরা জানি না স্পষ্টভাবে। এই পরিস্থিতিতে আমাদের দাবির ভিত্তি হওয়া উচিত, তিস্তায় শুষ্ক মৌসুমে ন্যূনতম যে ১৪ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো, তার অন্তত ৫০ শতাংশ, অর্থাৎ সাত হাজার কিউসেক পানি। আমাদের তিস্তা ব্যারাজ নির্মাণ করা হয়েছিল ১০ হাজার কিউসেক পানির সেচসুবিধা দেওয়ার জন্য। আমরা তা থেকে প্রায় পুরোপুরি বঞ্চিত হয়েছি মূলত পশ্চিমবঙ্গের বিপুল পরিমাণ জমিতে সেচসুবিধা দেওয়ার কারণে। তিস্তায় বেশি পানি দাবি করার ক্ষেত্রে ভারত ইতিমধ্যে প্রাপ্ত সেচসুবিধাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না—এ ধরনের দাবি তুলছে। কিন্তু আন্তর্জাতিক আইনে (যেমন, ১৯৯৭ সালের ওয়াটারকোর্স কনভেনশন, ভারত-বাংলাদেশ ১৯৯৬ সালের গঙ্গা চুক্তি, এমনকি ভারতীয় সুপ্রিম কোর্টের বিভিন্ন ব্যাখ্যা) পানির ‘বর্তমান ব্যবহার’ পানির ন্যায়সংগত ভাগাভাগি নীতির একমাত্র ফ্যাক্টর বা বিবেচ্য বিষয় নয়। আন্তর্জাতিক আইন অনুসারে অববাহিকার দেশগুলোকে বর্তমানের সঙ্গে সঙ্গে সম্ভাব্য ব্যবহারের (যেমন, বাংলাদেশের যে পরিমাণ জমিকে সেচসুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে তিস্তা ব্যারাজ নির্মাণ করা হয়েছিল) ‘ফ্যাক্টর অব ইক্যুইটি’ হিসেবে বিবেচনায় নিতে হয়। বিবেচনায় নিতে হয় পানির ওপর নির্ভরশীল জনসংখ্যা, পরিবেশের ওপর প্রভাব এবং বিরাজমান বিকল্প কী আছে, সেসব বিষয়ও। বাংলাদেশে তিস্তার ওপর নির্ভরশীল জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় কম নয়, পানিপ্রাপ্তির বিরাজমান বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গে মহানন্দা নদী রয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গে তিস্তার বিকল্প কোনো পানির উৎসও নেই। সামগ্রিক বিবেচনায় তাই তিস্তার শুকনো মৌসুমে গড়ে ১৪ হাজার কিউসেকের ৫০ শতাংশ পানি অবশ্যই ন্যায়সংগতভাবে আমাদের প্রাপ্য। চুক্তি করে আমরা এর কম পানি নিলে আমাদের কৃষি অর্থনীতি ও পরিবেশের ক্ষতি অব্যাহত থাকবে। পানি ভাগাভাগির মেয়াদি চুক্তিগুলোর পাশাপাশি আমাদের স্থায়ী সমাধান হিসেবে নদীর অববাহিকাভিত্তিক যৌথ ও সমন্বিত ব্যবহার, ব্যবস্থাপনা ও উন্নয়নের লক্ষ্যে আলোচনা করতে হবে। এটি করা সম্ভব হলেই নদীর অববাহিকার সব দেশের সমভাবে লাভবান হওয়া সম্ভব, পরিবেশ এবং নদীর জীবনীশক্তিও রক্ষা করা সম্ভব।আমি মনে করি, শুধু তিস্তা নয়, অভিন্ন সব নদীর পানি ভাগাভাগির সুরাহা না হওয়া পর্যন্ত ভারতকে ট্রানজিট প্রদান করা ঠিক হবে না। ট্রানজিট-সুবিধা দেওয়া আমাদের সবচেয়ে বড় দর-কষাকষি শক্তি। সব নদীর পানির ন্যায়সংগত ভাগ পাওয়ার আগেই ট্রানজিট দিয়ে ফেললে আমরা কোনো দিনও আমাদের প্রাপ্য পানি পাব না। এই বাস্তবতাকে বিবেচনায় না নিলে তা দেশের জন্য ভবিষ্যতে বিপর্যয়কর হবে। আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।