ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোভিয়েত-মার্কিন স্নায়ুযুদ্ধের ফসল উত্তর কোরিয়া নামের রাষ্ট্রটি সোভিয়েত ইউনিয়নের বিলোপ ও স্নায়ুযুদ্ধের সিকি শতাব্দী পরেও টিকে আছে, যার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধাত্মক সম্পর্ক শুধু কোরীয় উপদ্বীপ অঞ্চলের মানুষের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্যই উদ্বেগের বিষয়। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে উত্তপ্ত হুমকি ও পাল্টা হুমকির খবরে সেই উদ্বেগ বেশ বেড়ে গিয়েছিল। কারণ, পারমাণবিক অস্ত্রসম্ভারে সজ্জিত এই দুটি দেশের উভয় নেতাই বেশ হঠকারী ও খামখেয়ালি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ডে অনুষ্ঠিত ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক উদ্বেগ নিরসন ও শান্তি স্থাপনের পথে এক বিরাট অগ্রগতি। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর এই প্রথম এ দুটি দেশের দুই শীর্ষ নেতার মুখোমুখি বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হলো, যেখানে উত্তেজনা প্রশমন ও সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিম জং-উন একজন অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি, যিনি তাঁর দেশকে খুব ভালোবাসেন। আর কিম বলেন, বিশ্ববাসী একটি বড় পরিবর্তন দেখতে চলেছে, আমরা অতীতকে পেছনে ফেলে আসার সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা এক বিশেষ বন্ধন গড়ে তুলেছি।’ তিনি আরও বলেন, কিম জং-উনকে অবশ্যই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে, বৈঠক-আলোচনা হবে আরও অনেকবার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, উভয় নেতা পরস্পরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয়েই তা গ্রহণ করেছেন।
সিঙ্গাপুর শীর্ষ বৈঠকে ট্রাম্প ও কিমের মধ্যে প্রায় ৪০ মিনিটব্যাপী একান্তে আলোচনা অনুষ্ঠিত হয়, তারপর উভয় দেশের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী আলোচনা চলে। দুই দেশের মধ্যে তিনটি দলিল স্বাক্ষরিত হয়। ট্রাম্প-কিম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে কূটনৈতিক প্রীতিবিনিময় ও দুই দেশের সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, বিরোধপূর্ণ সম্পর্কের দুটি দেশের মধ্যে এ ধরনের যৌথ বিবৃতি একটি সাধারণ রীতি, যাতে আলোচনা চালু রাখার প্রতিশ্রুতি ছাড়া আর বিশেষ কিছু থাকে না।
আরেকটি দলিলে উত্তর কোরিয়ার বি-পারমাণবিকীকরণের পথে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে, কোন সময়ে তা করা হবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে অনুরোধের পর কিম আমেরিকান যুদ্ধবন্দীদের ফেরত দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত করবে, আর উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচি স্থগিত করবে। তবে এই ক্ষেত্রেও কোনো সময়সূচি উল্লেখ করা হয়নি। পশ্চিমা সংবাদমাধ্যমে কোনো কোনো বিশ্লেষক হতাশার সঙ্গে মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রসঙ্গই সিঙ্গাপুর শীর্ষ বৈঠকে তোলা হয়নি।
অধিকাংশ পর্যবেক্ষক সিঙ্গাপুর শীর্ষ বৈঠককে কিম জং-উনের বিরাট বিজয় হিসেবে দেখাতে চাইছেন; বিশেষত মার্কিন পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিম জং-উনকে অনেক বেশি ছাড় দিয়েছেন, বিনিময়ে তেমন কিছুই পাননি। অবশ্য এ কথা সত্য যে উত্তর কোরিয়ার নেতার পক্ষে কোনো মার্কিন প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে আনতে পারাই এক বিরাট কূটনৈতিক বিজয়। তবে আমরা মনে করি, এ বৈঠকের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য কোনো পক্ষের জয়-পরাজয় বা লাভক্ষতির বিষয়ের চেয়ে অনেক বড়। স্নায়ুযুদ্ধের অবসানের পর কোরীয় উপদ্বীপের পারমাণবিক উত্তেজনা ও সংকট বিশ্বশান্তির পক্ষে এক বিরাট প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে আছে। ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের মূল তাৎপর্য এই যে, সেই প্রতিবন্ধক দূর করার পথে একটি গঠনমূলক প্রক্রিয়ার সূচনা ঘটল। এখন প্রয়োজন এই প্রক্রিয়াটিকে অর্থবহভাবে এগিয়ে নিয়ে যাওয়া।