ট্রেন চলাচল সুগম করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে লোকজনের বাড়ি যাওয়া শুরু হওয়ার আগেই দেশের পূর্বাঞ্চলে ট্রেন চলাচলের সময়সূচি এলোমেলো হয়ে গেছে বলে যে খবর বেরিয়েছে, তাতে দুশ্চিন্তা জাগে। কারণ, ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ অত্যধিক বাড়তে থাকবে। সে সময় ট্রেন চলাচল নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখা যাবে তো?
অবশ্য ভালো খবর হচ্ছে এই যে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ঢাকা-ময়মনসিংহ পথের ট্রেনগুলো এখনো মোটের ওপর নির্ধারিত সময়সূচি মেনেই চলাচল করছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর সময়সূচি এলোমেলো হয়ে যাওয়ার কারণ আশুগঞ্জের কাছে একটা দুর্ঘটনা।
পূর্বাঞ্চল রেলে সময় এলোমেলোরেলওয়ে সূত্র বলেছে, ম্যাক্স গ্রুপ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান আশুগঞ্জের কাছে রেললাইন তুলে মেরামতির কাজ করছিল। কিন্তু তারা এটা সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে জানায়নি। রেললাইন মেরামতের সময় লাল কাপড়ের নিশান দিয়ে সাড়ে ৪০০ গজ দূরে সতর্কতাব্যবস্থা নেওয়ার নিয়ম, কিন্তু তারা সেটাও করেনি। ফলে একটি মালবাহী ট্রেন ওই স্থান পর্যন্ত গিয়ে লাইনচ্যুত হয়েছে, আর তার পরিণতিতেই ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে সমগ্র পূর্বাঞ্চলে রেল চলাচলের সময়সূচি।
প্রশ্ন হচ্ছে, যে প্রতিষ্ঠান রেলপথের মেরামতি কাজের সময় অবশ্যপালনীয় নিয়মকানুন মানে না, তারা কীভাবে এই কাজের দায়িত্ব পায়? লাইনচ্যুত ট্রেনটি মালবাহী না হয়ে যাত্রীবাহী হলে তো অনেক যাত্রী হতাহত হতে পারতেন।
ঈদের আগে এটা একটা গুরুতর সতর্কবার্তা। দায়িত্বহীন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা ও প্রয়োজনে তাদের বাদ দিতে হবে। দেশের সব অঞ্চলের রেললাইন নিয়মিত মেরামত-রক্ষণাবেক্ষণে সুব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে।
ঈদ উপলক্ষে বাড়তি সতর্কতা ও নজরদারি বিশেষভাবে প্রয়োজন। তারপরেও দুর্ঘটনা ঘটলে যত দ্রুত সম্ভব রেলপথ ট্রেন চলাচলের উপযোগী অবস্থায় ফিরিয়ে নেওয়ার সব প্রস্তুতি রাখতে হবে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঈদের সময় রেলের সময়সূচিতে বিপর্যয় ঘটবে না। এটা যেন শুধু মুখের আশ্বাসে সীমাবদ্ধ না থাকে।