ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার আশায় ট্রেনে উঠেছিল অনেকে, অনেকে ঢাকায় ফিরছিল চট্টগ্রাম থেকে। এমন যাত্রীদের অনেকে লাশ হয়েছে, অনেকে আহত হয়েছে গুরুতরভাবে, পঙ্গুত্ব বরণ করেও হয়তো কাউকে কাউকে কাটাতে হবে বাকি জীবন। বুধবার বিকেলে নরসিংদীতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। নরসিংদীতে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার ধরনটি ভয়াবহ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা মেইলের সঙ্গে চট্টগ্রামগামী মহানগর গোধূলির মধ্যে মুখোমুুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংকেত না মানার কারণে। এ সময় দুটি ট্রেনই ছিল চলন্ত। ফলে ভয়াবহ সংঘর্ষে দুটি ট্রেনের ইঞ্জিন যেমন দুমড়েমুচড়ে যায়, তেমনি চট্টলার একটি বগি উঠে যায় গোধূলির ইঞ্জিনের ওপর। ছিটকে পড়ে যাত্রীরা। ট্রেনের চালকসহ প্রাণ হারিয়েছে ১৩ জন এবং আহত হয়েছে দেড় শতাধিক।ট্রেন দুর্ঘটনার কারণ তদন্তে এ পর্যন্ত তিনটি কমিটি হয়েছে। রেলওয়ে তদন্ত কমিটির সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, সিগন্যালে কোনো ত্রুটি ছিল না। চট্টলা ট্রেনের চালক থামার সংকেত না মানায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, সংকেত দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে না থাকে, তবে চট্টলা ট্রেনের চালকের থামার সংকেত না মানার কারণ কী? সংকেত না মানার পরিণতি কী হতে পারে, এটা কি তাঁর জানা ছিল না? দুর্ঘটনায় চট্টলা ট্রেনের চালক নিজেও গুরুতর আহত হয়েছেন। সংকেত সঠিক থাকলে তিনি জেনেশুনে থামার সংকেত উপেক্ষা করলেন কেন? ভবিষ্যতে এ ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে এ প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি। আমরা আশা করব, যথাযথ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ বের হয়ে আসবে এবং কারও গাফিলতির কারণে এ ঘটনা ঘটে থাকলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ আট কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই আর্থিক ক্ষতি হয়তো কোনোভাবে সামলে ওঠা যাবে, কিন্তু দুর্ঘটনা যে প্রাণগুলো কেড়ে নিয়েছে, সে ক্ষতি কোনোভাবেই সামলে নেওয়া যাবে না। যারা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারগুলোকে সারা জীবন এর দুঃখ বয়ে বেড়াতে হবে। উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ এনেছেন অনেকে। কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার পর থেকে পরিবারের লোকজন কয়েকজন যাত্রীর সন্ধান পাচ্ছে না বলে জানিয়েছে। আহত ও নিহত ব্যক্তিদের তালিকায় নাম না পেয়ে পরিবারের লোকজন এক অনিশ্চিত অবস্থার মধ্যে সময় পার করছে। আমরা আশা করব, দ্রুত উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার সব ধরনের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।