ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য যানবাহনের টিকিট পাওয়া অনেকটাই যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো সৌভাগ্যের ব্যাপার। মঙ্গলবার রমজানের ২০ তারিখে অর্থাৎ ঈদুল ফিতরের অন্তত নয় দিন আগেই ট্রেন ও বাসের টিকিট নিয়ে হাহাকারের খবর বেরিয়েছে। প্রথম আলোর প্রথম পাতার প্রধান প্রতিবেদনটি ছিল এই হাহাকারের চিত্র।ঢাকার কমলাপুর স্টেশনে টিকিটের জন্য সাড়ে পাঁচ ঘণ্টা অপেক্ষা করে এক যাত্রীর শূন্য হাতে ঘরে ফেরার বর্ণনা দিয়ে শুরু প্রতিবেদনটিতে একই সঙ্গে উঠে এসেছে এ সমাজে প্রকট বৈষম্যের চিত্র। বাংলাদেশ যেন এক বৈষম্যেরই দেশ। যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা খুবই অপ্রতুল—এ কথা সবাই জানে। কিন্তু এই অপ্রতুলতায় সবচেয়ে বেশি ভোগান্তি কার? সাধারণ নাগরিকের; যার কোনো ক্ষমতা নেই, প্রভাব নেই। টিকিট কেনার টাকা থাকলেও সে টিকিট পাবে না, কারণ টিকিট পাওয়ার সুযোগের সারিতে তার স্থান নেই। রাষ্ট্র ও সমাজের ক্ষমতাধর, প্রভাব-প্রতিপত্তিশালী ব্যক্তিরা কোটায় কোটায় ভাগ করে নিয়েছেন টিকিট। ভেরি ইম্পর্টেন্ট পারসন, মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ৫ শতাংশ টিকিটের কোটা নির্ধারণ করা আছে। আরও ৩ শতাংশ কোটা সংরক্ষণ করা হয় ‘জরুরি’ হিসেবে। এটাও কার্যত ভিআইপিদের বর্ধিত কোটা; কারণ, জরুরি বলে তাঁরাই এই টিকিটগুলো নিয়ে যান। ভিআইপি আর জরুরি কোটা ছাড়াও আছেন মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, পুলিশ, রাষ্ট্রীয় প্রশাসন প্রভৃতি কর্তৃপক্ষের ব্যক্তিবর্গ—প্রায় ৫০ শতাংশ টিকিট নিয়ে যান তাঁরাই। এসব ছাড়া বাকি টিকিট নিয়ে চলছে লাগামহীন কালোবাজারি। ১০ দিন আগে টিকিট কিনতে গিয়ে কোনো যাত্রীকে যদি শুনতে হয়, সব টিকিট ফুরিয়ে গেছে, তাহলে তো ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার যানবাহনের সব টিকিট কেনাবেচা ১০ দিন আগেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা তো হয় না। ঈদের দুই দিন আগেও টিকিট বেচাকেনা হয়। তবে তা স্বাভাবিক, নৈতিক পথে নয়, কালোবাজারিতে। অনলাইন ও মোবাইল ফোনে টিকিট কেনাবেচায় কালোবাজারির অভিযোগও পাওয়া যাচ্ছে।ট্রেনের টিকিটের ৩৮ শতাংশই বিভিন্ন কোটায় সংরক্ষিত থাকে সারা বছর। বাকি ৬২ শতাংশের জন্য ঈদের সময় সাধারণ যাত্রীদের মধ্যে যে সংগ্রাম শুরু হয় ভোররাত থেকে, তার কি কোনো প্রতিকার নেই? ৩৮ শতাংশ কোটার বিশেষ অধিকার এই সময় কী যুক্তিতে রাখা হবে? ৬২ শতাংশ মানুষ কি বাংলাদেশের দ্বিতীয়-তৃতীয় শ্রেণীর নাগরিক? ঈদের সময় এই কোটা তুলে দিলে সাধারণ যাত্রীদের সুযোগ কিছুটা বাড়ত। এ ক্ষেত্রে আগে এলে আগে পাবেন—এই ভিত্তিতে টিকিট বিক্রি হলে কোনো যাত্রী দেরিতে গিয়ে টিকিট না পেলেও অন্তত এমন অভিযোগ করার সুযোগ পেতেন না যে তিনি কোনো বৈষম্যের শিকার হয়েছেন। সাধারণ যাত্রীদের কোটার ফাঁদ থেকে মুক্তি দেওয়া অত্যন্ত জরুরি।