প্রথম আলোর নাটোর প্রতিনিধির পাঠানো খবর থেকে জানা যায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটে নাটোরের দিক থেকে আসা তেলবাহী একটি ট্রেন হঠাৎ থামিয়ে দেন চালক। এরপর ওই ট্রেনের ইঞ্জিনকক্ষ থেকে একজন নেমে এসে রেলগেটের পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে আবার উঠে যান। প্রায় তিন মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এ সময় গেটের দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।
যে ব্যক্তির দায়িত্বশীলতা ও সচেতনতার ওপর যাত্রীদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পদের সুরক্ষা নির্ভরশীল, সেই ব্যক্তি কী করে এ রকম দায়িত্বহীন আচরণ করতে পারেন? এটি তেলবাহী ট্রেন ছিল। কিন্তু যাত্রীবাহী ট্রেনের বেলায় চালকের আচরণ ভিন্ন হতো, তা বলা যায় না। তাঁদের হাতে মানুষের জীবন কিংবা রাষ্ট্রীয় সম্পদ—কোনোটাই নিরাপদ নয়।
বাংলাদেশ রেলওয়ে নামের এই রাষ্ট্রীয় খাতে ফি বছর কোটি কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হয়। আর সেই অর্থের জোগান দিয়ে থাকেন জনগণ। বাংলাদেশে সড়কপথে রয়েছে হাজারো ঝক্কিঝামেলা। প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব ঝক্কিঝামেলা থেকে রেহাই পেতে এবং নিরাপদ বাহন হিসেবেই সব দেশে যাত্রীরা ট্রেনযাত্রাকে অগ্রাধিকার দিয়ে থাকেন।
কিন্তু বাংলাদেশের রেলওয়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা—চালক থেকে লাইনম্যান—সবাই যেভাবে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন, তাতে যাত্রীরা ভরসা পাচ্ছেন না। এমন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যে রেলওয়ের লাভজনক হওয়ার কথা, সেটি ক্রমাগত লোকসান গুনছে। এটি মানা যায় না।
রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক ঘটনাটি তদন্ত করার এবং অভিযোগ সত্য হলে চালককে রেলওয়ে আইনের আওতায় নেওয়ার কথা বলেছেন। কিন্তু রেলওয়ে কর্মকর্তার এই আশ্বাসে কতটা আশ্বস্ত হওয়া যাবে? ট্রেনে মাঝেমধ্যেই দুর্ঘটনায় জান ও মালের ক্ষতি হলেও কর্তাব্যক্তিরা নির্বিকার।
নাটোরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ধরনের ধারাবাহিক উদ্যোগই রেলওয়ের অব্যবস্থা, অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং দায়িত্বহীনদের মধ্যে দায়িত্ববোধ ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে।