ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যুর দুঃখজনক ঘটনা রেললাইনগুলোতে নিরাপত্তাব্যবস্থা না থাকা এবং আমাদের দেশের অভিভাবকদের অসচেতনতার বিষয়টি আবার মনে করিয়ে দিল। রেললাইনে বসে মুঠোফোনে চলন্ত ট্রেনের ভিডিও ধারণ করার সময় গত রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে মারা যায় ওই তিন শিশু।
প্রথম আলোর সংবাদ থেকে জানা যায়, ওই তিন শিশুর মধ্যে দুই শিশু কানে হেডফোন লাগিয়ে সামনে থেকে আসা একটি ট্রেনের ভিডিও করছিল। কানে হেডফোন থাকায় পেছন থেকে আসা ট্রেনের শব্দ তারা শুনতে পায়নি। ফলে ঘটে এই দুর্ঘটনা। শিশুদের এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এই শিশুদের বয়স ছিল ১০ থেকে ১২ বছরের মধ্যে। এত ছোট শিশুর হাতে মুঠোফোন তুলে দেওয়ার আগে অভিভাবকদের দুবার ভেবে দেখা উচিত ছিল। তা ছাড়া শিশুরা কোথায় যাচ্ছে, কী করছে, সে ব্যাপারে অনেক অভিভাবকের যে কোনো নজরদারি নেই, তা তো বোঝাই যাচ্ছে। তা না হলে মা-বাবার চোখ এড়িয়ে কী করে এই শিশুরা রেললাইনে চলে গেল?
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিন শিশুরএ ছাড়া আমাদের দেশের রেললাইনগুলো তো উন্মুক্ত। রেলক্রসিং ছাড়া আর কোথাও কোনো প্রতিবন্ধক বার নেই। ফলে চাইলেই যে কেউ রেলপথে উঠে পড়ছে। এমনও দেখা যায়, কয়েকজন মিলে রেললাইনের পাশে বসে গল্প করছে, কেউ–বা হেঁটে বেড়াচ্ছে। এগুলো খুবই বিপজ্জনক। সবচেয়ে বিপজ্জনক মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়া। এই প্রবণতা এখন মহামারির রূপ নিয়েছে। সম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন রেলপথে মৃত্যুর একটি বড় কারণ হচ্ছে মুঠোফোনে কথা বলা।
সময় হয়েছে এ ব্যাপারে সচেতন হওয়ার। রেললাইনে মানুষের এভাবে অবাধ চলাফেরা বন্ধ করতে কী কী উদ্যোগ নেওয়া যায়, তা রেল কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে ভেবে দেখতে ও সে অনুযায়ী পদক্ষেপ হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে রেললাইনজুড়ে ও সংলগ্ন এলাকায় সতর্কতামূলক বিজ্ঞাপনফলক টানানো যেতে পারে। রেললাইনের ওপর দিয়ে চলাচল করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে।