ট্রেনে ছোড়া পাথরে শিশুর চোখ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে যাত্রীদের কাছ থেকে ব্যাগপত্র বা মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা নিত্যনৈমিত্তিক বলা যায়। চলন্ত ট্রেনে পাথর ছোড়ার মতো নিষ্ঠুরতার খবরও আমরা দেখি। দেশের প্রতিটি রুটে নির্দিষ্ট কিছু এলাকায় চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারে দুর্বৃত্ত, বখাটে বা পথশিশুরা। তাদের ছোড়া পাথরে রক্তাক্ত হচ্ছেন যাত্রীরা। গত রোববারও এমন পাথরের আঘাতে পাঁচ বছর বয়সী এক শিশুর একটি চোখ নষ্ট হয়ে গেছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে। এ শিশু এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৩ সালে চট্টগ্রামে ভাটিয়ারী এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৪) নামের এক প্রকৌশলী নিহত হন। ট্রেনের জানালা বন্ধ রেখেও রেহাই পান না যাত্রীরা। পাথরের কারণে জানালার কাচ ফেটে আহত হন যাত্রীরা। ২০১৯ সালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও ট্রেনে ভ্রমণ করার সময় এমন পরিস্থিতির মুখে পড়েছিলেন। ছোড়া পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে গেলেও স্পিকার অবশ্য নিরাপদেই ছিলেন। সে বছরই রেলওয়ে কর্তৃপক্ষের এক হিসাব থেকে জানা যায়, পাঁচ বছরে ট্রেনে পাথর ছুড়ে দুই হাজারের বেশি জানালা-দরজা ভাঙার ঘটনা ঘটেছে।

রেলওয়ে আইনের ১২৭ ধারা অনুযায়ী, ট্রেনে পাথর ছোড়া হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। ৩০২ ধারা অনুযায়ী, পাথর নিক্ষেপে কারও মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও এসব আইনে কারও শাস্তির কোনো নজির নেই। প্রীতি দাশ নিহতের ঘটনায় সন্দেহভাজন দুই কিশোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অনেক সময় শিশু-কিশোরেরা খেলার ছলে বা ইচ্ছাকৃতভাবে এ কাজ করে। অনেকে ডাকাতি ও ট্রেনের ক্ষতিসাধনের উদ্দেশ্যেও এই কাজ করে বলে রেল কর্মকর্তাদের ভাষ্য। তবে সমস্যা হচ্ছে, কারা ঢিল ছুড়ছে, সেটা শনাক্ত করা কঠিন হয়ে যায়। কারণ, বেশির ভাগ ঘটনা ঘটে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা রাতের অন্ধকারে।

ট্রেনে পাথর ছুড়ে মারা বন্ধে একসময় কিছু সচেতনতা কার্যক্রম নিয়েছিল রেলওয়ে। ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতে মাইকিং করা, লিফলেট বিতরণ করাসহ স্বেচ্ছাসেবক নিযুক্ত করায় এই অপরাধ অনেকটা কমতেও থাকে। পরবর্তী সময়ে সেই কার্যক্রমে ভাটা পড়ে। গভীর উদ্বেগের সঙ্গেই পাথর ছোড়ার ঘটনাকে বিবেচনা করতে রেলওয়ের প্রতি আহ্বান করছি। নিয়মিত সচেতনতা কার্যক্রম বাড়ানোসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীমহলকে এর সঙ্গে যুক্ত করা উচিত। দোষীদের চিহ্নিত করা, তাদের শাস্তি দেওয়া, সর্বোপরি এ নিষ্ঠুরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।