ট্রেনে নৃশংস ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে সামান্য দূরে ঢাকাগামী একটি রেলগাড়িতে যে ডাকাতি হয়েছে, তা এককথায় নৃশংস। মাত্র কয়েক হাজার টাকা আর কম দামি কয়েকটি মুঠোফোন কেড়ে নিয়ে পাঁচজন মানুষকে চলন্ত রেলগাড়ি থেকে যারা ফেলে দিয়েছে, তারা শুধুই ডাকাত নয়, অতি নিষ্ঠুর খুনিও বটে।এই ডাকাতি সম্পর্কে শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ডাকাতেরা যে পাঁচজন যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে, তাঁদের তিনজন মারা গেছেন। দুজন সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন, কিন্তু একজন আহত হয়েছেন গুরুতরভাবে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন, যাঁর কাছে প্রচুর টাকাপয়সা বা সোনাদানা ছিল না। আসলে ওই পাঁচজন যাত্রীর কারও কাছেই বেশি অর্থকড়ি ছিল না। ট্রেনটির ইঞ্জিনসংলগ্ন বগিটিতে যাত্রী বলতে ওই পাঁচজনই ছিলেন, আর ডাকাত দলের সদস্যসংখ্যা ছিল সাত বা আট। নিরীহ যাত্রীরা ডাকাতদের কোনোভাবে প্রতিরোধ করার চেষ্টা করেননি, ডাকাতেরা সহজেই তাঁদের টাকা ও মুঠোফোন কেড়ে নিতে পেরেছে। তারপর তারা মাঝপথে চেইন টেনে ট্রেনটি থামিয়ে বা পরবর্তী স্টেশনে ট্রেনটি দাঁড়ানোমাত্র দ্রুত সটকে পড়তে পারত। কিন্তু তা না করে কেন তারা মানুষগুলোকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে, তার ব্যাখ্যা পাওয়া কঠিন। প্রশ্ন জাগে, ওদের কাছে মানুষের প্রাণ কি এতটাই মূল্যহীন হয়ে পড়েছে যে এমন অবলীলায় পাঁচজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারল?ট্রেন-ডাকাতির এ ঘটনার প্রধান বৈশিষ্ট্য নৃংশসতা, সীমাহীন অমানবিকতা। এ দেশে ট্রেনে ও বাসে ডাকাতি আগেও হয়েছে অনেক, কিন্তু ডাকাতেরা যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে চলন্ত ট্রেন বা বাস থেকে ফেলে দিয়ে হত্যা করেছে—এমন ঘটনা বিরল। তাহলে এর তাৎপর্য কী? আমাদের সমাজ কি মানবিক বোধশূন্যতার দিকে আরও এগিয়ে গেছে? মানুষকে হত্যা করা এখন আর কোনো ব্যাপারই নয় বলে মনে করা হচ্ছে? তা যদি হয়, তাহলে কেন এবং কীভাবে এমন অধঃপতন ঘটে? সমাজমনস্তাত্ত্বিকদের গভীর গবেষণার বিষয় হতে পারে এটি। আমাদের বোধ হচ্ছে, অবলীলায় মানুষ হত্যার প্রবণতা বাড়ছে প্রধানত এই কারণে, আইনের প্রয়োগ ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ছে। মানুষ মানুষকে নির্ভয়ে ও অবলীলায় হত্যা করছে এই ভেবে যে হত্যা করে পার পাওয়া যায়। শাস্তিহীনতার এই পরিবেশই হত্যাসহ সব রকমের অপরাধ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। রেলওয়ে পুলিশের সংশ্লিষ্ট তিন কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। এসবের অর্থ সরকার নির্বিকার নয়। এটা বেশ ভালো কথা। প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, নিরীহ-নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয়। আরও একটি জরুরি প্রয়োজন রেলওয়ের যাত্রীদের নিরাপত্তা বাড়ানো; আরও বেশিসংখ্যক রেলওয়ে পুলিশ নিয়োগ করা।