ট্রেনে যাত্রী-নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কিছুর মূল্যবৃদ্ধিতে কেউ সন্তুষ্ট হতে পারে না। তবে যদি এর মান উন্নত হয় এবং এটা পেতে কারও বেগ পেতে না হয়, তাহলে ভিন্ন কথা। ঠিক তেমনি ট্রেনের ভাড়া বৃদ্ধির আগে অনেকে কিছুটা অসম্মতি প্রকাশ করেছেন। তবে কেউ কেউ এতে সম্মতি প্রকাশ করে এর মানোন্নয়ন ও উন্নত সেবার দাবি জানিয়েছেন। কিন্তু ভাড়া বাড়ানোর পর কয়েক মাস অতিবাহিত হলেও উন্নতির লক্ষণ নেই বরং আগের অবস্থাই বহাল রয়েছে। অন্যদিকে ট্রেনে বেড়েছে চুরি-ছিনতাই। আর ট্রেনগুলোও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছে না। তাই অনেককে ট্রেনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা গাদাগাদি করে বসেও গন্তব্যস্থলে যেতে বাধ্য হচ্ছে। ট্রেনের ভেতরে নিরাপত্তার বিষয়টিও উপেক্ষিত। কিছুদিন আগে পদ্মা ও তুরাগ ট্রেন থেকে ছিনতাইয়ের পর চলন্ত অবস্থায় ফেলে দিয়ে যাত্রীকে হত্যা করার মতো ঘটনাও ঘটেছে। এসব কারণে ট্রেনে যাতায়াত কষ্টকর ও অনিরাপদ হয়ে পড়েছে। তাই রেলপথে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে রেলপথ মন্ত্রণালয়ের কাছে ট্রেনের নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণ, সঠিক সময়ে ট্রেন চলাচল, উন্নত সেবার ব্যবস্থাসহ ট্রেনের বগির সংখ্যা বাড়ানোর আবেদন জানাচ্ছি। মুহাম্মদ মনসুর আলম হরিরামপুর, মিরপুর, ঢাকা।