ট্রেনের ছাদে ও ইঞ্জিনে বসে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত যাত্রী চলাচল করলেও কারও এ নিয়ে যেন কোনোই মাথাব্যথা নেই। রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন, চাষাঢ়া, ফতুল্লা ও পাগলা স্টেশন থেকে যাত্রীরা অবাধে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ওঠেন। প্রতিটি স্টেশনে রয়েছেন স্টেশনমাস্টার, কর্মকর্তা-কর্মচারী, রয়েছে জিআরপি পুলিশ। তাঁদের চোখের সামনেই যাত্রীরা ছাদে-ইঞ্জিনে উঠে বসলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। বিষয়টি খুবই দুঃখজনক।

প্রতিবছরই দেশের বিভিন্ন স্থানে ট্রেনের ছাদ থেকে পড়ে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। ২০১১ সালে একবার একই দিনে টাঙ্গাইলের মির্জাপুর, জয়পুরহাটের আক্কেলপুর ও নওগাঁর রানীনগর উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে আটজন মারা যান। গত মাসেই দেশের বিভিন্ন স্থানে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে তিন যুবকের মৃত্যু হয়। একইভাবে ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। অথচ চাইলেই এসব মৃত্যু রোধ করা যেত।

ট্রেনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ বন্ধ করতে রেলকর্মীদের নজরদারি এবং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে হবে। যেসব ট্রেনচালক ও স্টাফ টাকার বিনিময়ে যাত্রীদের ট্রেনের ছাদে ও ইঞ্জিনে তোলেন, শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে আরও উদ্যোগী হতে হবে।