বাসভাড়ার চেয়ে ট্রেনের ভাড়া অনেক কম—এই অজুহাতে শনিবার থেকে বিভিন্ন রুটে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে ৭ থেকে ৯ শতাংশ। এতে যে ট্রেনের লোকসান খুব বেশি কমবে না, সে কথা জানা গেল রেলওয়ে সচিবের ভাষ্য থেকেই। তাঁর দাবি অনুযায়ী, ভাড়া বাড়ানোর ফলে ঘাটতি পূরণ হবে ৪৮ কোটি টাকা। অথচ গত অর্থবছরে রেলের ঘাটতি ছিল সাড়ে ৮০০ কোটি টাকা।
স্বভাবতই রেলওয়ের ভাড়া বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসের চেয়ে রেলের ভাড়া কেবল বাংলাদেশে নয়, প্রতিবেশী ভারতসহ সব দেশেই কম। সেসব দেশের রেলওয়ে লাভ করতে পারলে বাংলাদেশ রেলওয়ে পারছে না কেন? রেলওয়ের লোকসানের পেছনে সংশ্লিষ্ট ব্যক্তিদের অদক্ষতা, অযোগ্যতার পাশাপাশি চুরিচামারিই মূলত দায়ী। যাত্রীসেবার মান নিম্নমুখী হওয়ার কারণে রেলওয়ের যাত্রীর সংখ্যাও তেমন বাড়ছে না।
ট্রেনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের সুবিধার কথা না ভেবে কর্তৃপক্ষ বাসের মালিকদের সুবিধার কথা ভাবে বলেও অভিযোগ আছে। এ ছাড়া প্রায়ই ট্রেন দুর্ঘটনা ও লাইনচ্যুতির ঘটনাও ঘটছে। এক যুগ ধরে রেলে কোনো নতুন বগি যুক্ত না হওয়ার পক্ষে কী যুক্তি থাকতে পারে?
উপমহাদেশে ট্রেনকে সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ভাবা হলেও বাংলাদেশ রেলওয়ের কর্তাব্যক্তিরা উল্টো পথেই হাঁটছেন। অথচ রেলওয়ের রয়েছে বিপুল সম্পদ ও লোকবল। এসব কাজে লাগিয়ে রেলওয়েকে যাত্রীবান্ধব করা মোটেই কঠিন নয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দাতাদের চাপেই রেলওয়ের ভাড়া বাড়ানো হয়েছে। সেটাই যদি সত্য হবে তা হলে দাতারা যাত্রীসেবার মান বাড়ানো ও সিস্টেম লস কমানোর জন্য যে তাগিদ দিয়ে আসছে, সেসব কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না কেন? কয়েক বছর আগে রেলওয়েতে লোক নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল, তার বিচারও হয়নি। ভাড়া বাড়ানোর পর কর্তৃপক্ষ যাত্রীসেবার মান বাড়িয়ে এবং রেলওয়ের দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার প্রতি মনোযোগী হবে আশা করি।