বাংলাদেশের ইতিহাসে ট্র্যাজিক হিরোর সংখ্যাই যেন বেশি। মনে প্রশ্ন জাগে, এ কি কোনো অভিশপ্ত জাতি, যারা নিজেদের সব নায়ককেই শেষ পর্যন্ত ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দেয়? হয়তো বিষয়টা এ রকম যে অস্থির সময়ে অসহিষ্ণু মন সামগ্রিকতার বোধ হারিয়ে খণ্ডিত আত্মকেন্দ্রিক বিচারে কারও প্রতি সুবিচার করে না, কীর্তিমানদের বিতর্কিত করে ফেলে। এই ভূখণ্ডের পাকিস্তান আমলের প্রধান তিন রাজনৈতিক চরিত্রের জীবন পর্যালোচনা করলে ট্র্যাজিক সমাপ্তি ঘটতেই দেখা যায়। শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন এ দেশের সাধারণ মানুষের প্রথম জনপ্রিয় নেতা। বাংলায় তাঁর অবস্থান পাকিস্তানের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহকেও টেক্কা দেওয়ার মতো ছিল। তিনিই ১৯৪০ সালে লাহোরে পাকিস্তান প্রস্তাবের উত্থাপক। কিন্তু পাকিস্তান সৃষ্টির পরপরই পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে কলকাতায় প্রদত্ত এক বিবৃতিকে কেন্দ্র করে তাঁকে পাকিস্তান সরকারের কাছ থেকে দেশদ্রোহের অভিযোগ শুনতে হয়। একপর্যায়ে অশীতিপর শেরেবাংলাকে গৃহবন্দিত্বও বরণ করতে হয়েছে। আমরা দেখি, পাকিস্তানের অত্যন্ত ঘোলাটে ষড়যন্ত্রের রাজনীতি এই ঐতিহাসিক জনপ্রিয় ব্যক্তিত্বকে নানাভাবে হেয় ও ছোট করেছে।মওলানা ভাসানী মজলুম জননেতা হিসেবে এ দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি পোক্ত করেছেন। তিনিই আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। পরে তাঁর নেতৃত্বে এ দেশে গণমানুষের মুক্তির স্বপ্ন নিয়ে সমাজতন্ত্রের রাজনীতির মূলধারাটি রচিত হয়। মওলানা সাহেব একটা সময় আইয়ুব খানকে সমর্থন দিয়ে ভুল করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর পুরো জীবনের রাজনীতির মূল্যায়ন করলে তাঁকে এ দেশে অসাম্প্রদায়িক ও সমাজতান্ত্রিক রাজনীতির অভিভাবকের মর্যাদা দিতে হবে। কিন্তু পরবর্তীকালে আমরা বেদনার সঙ্গে দেখি, তাঁর অনুসারী বিভিন্ন স্তরের নেতারা নানা রকম সুবিধাবাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে তাঁর নাম নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের নেই কোনো পরিচিতি, নেই তাঁর সঙ্গে কোনো আদর্শিক সংগতি। হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত রাজনৈতিক গুরু। তিনি নেতা বলতে শহীদ সাহেবকেই বুঝতেন। এই উদার, সহনশীল গণতান্ত্রিক ব্যক্তিটি তাঁর অনুসারী এবং গণমাধ্যমের কাছ থেকে গণতন্ত্রের মানসপুত্র আখ্যা পেয়েছিলেন। কিন্তু পাকিস্তানি শাসকেরা তাঁকে বরাবর ভারতের চর, দেশদ্রোহী আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আবার এক রকম ঘোলাটে রাজনৈতিক আবহে যখন পাকিস্তানের কেন্দ্রীয় আইনমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তা ছিল বঙ্গবন্ধুর বিচারে তাঁর রাজনৈতিক ভ্রান্তি। কিন্তু এই ভুলের পরে এ দেশের মানুষ তাঁকে সম্পূর্ণ বিস্মৃত হলো, তাঁর সামগ্রিক অবদানের ভিত্তিতে যথাযথ মূল্যায়নে অনীহা তাদের ঘুচল না। হক-ভাসানী-শহীদ ছিলেন ঐতিহাসিক যুক্তফ্রন্টের বিজয়ের তিন কাণ্ডারি। তাঁদের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে ট্র্যাজিক পরিণতিতে। তাঁঁদের পরের স্তরের নেতাদের ক্ষেত্রেও এই পরিণতিই যেন অনিবার্য হয়েছে। আবুল হাশিম-শামসুল হক-আতাউর রহমান খানের কথা যদি ধরি, তা হলেও খুব ব্যতিক্রম কিছু দেখি না। আবুল হাশিম ছিলেন তৎকালীন মুসলিম লীগের প্রগতিপন্থী চিন্তাবিদ। তাঁর ভক্ত ছিলেন মুজিবসহ তখনকার তরুণ নেতারা। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আমরা দেখি আইয়ুবের কনভেনশন মুসলিম লীগের নেতা হিসেবে। টাঙ্গাইলের শামসুল হক ছিলেন মুসলিম লীগের মেধাবী তরুণ নেতা, দক্ষ সংগঠক এবং নবগঠিত আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক। পাকিস্তান আন্দোলনের এই কর্মী স্বাধীন দেশে ভাষা আন্দোলনের জের ধরে দীর্ঘ জেলজীবনে রোগগ্রস্ত হয়ে ব্যক্তিগত ট্র্যাজেডির শিকার হন। আতাউর রহমান খান মুসলিম লীগের প্রগতিপন্থী নেতা থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু শেষ জীবনে দেখি জেনারেল এরশাদের প্রধানমন্ত্রী হিসেবেই তাঁর জীবনের ইতি টানলেন এবং মানুষের অনীহা, উপেক্ষার শিকার হলেন। এ রকম আরও নেতার কথা বলা যাবে।এঁদের প্রত্যেকের জীবনে নিশ্চয় ভুলত্রুটি আছে, কিন্তু জাতীয় ইতিহাসে তাঁদের যে ভূমিকা, তা এ কারণে সম্পূর্ণ বিস্মৃত বা অস্বীকৃত হওয়াটা সংগত ছিল না। কিন্তু তা-ই ঘটেছে।তবে এ দেশে সবচেয়ে বড় ট্র্যাজেডির শিকার হয়েছেন জাতির সবচেয়ে বড় নেতা। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা, জনচিত্তজয়ী বাগ্মিতা, বীরত্বে গাথা অনবদ্য নেতৃত্ব এবং সর্বস্ব ত্যাগের মহিমায় এ এক জাদুকরী আবির্ভাব। তিনি বঙ্গবন্ধু উপাধি পেলেন, জাতির পিতায় আখ্যায়িত হলেন, বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির অভিধা পেলেন। তাঁর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হলো। সেই নেতাকে যখন প্রাণ দিতে হলো সপরিবারে, তখন একে ট্র্যাজেডি ছাড়া কী বলা যায়। এ যেমন জাতির জন্য ট্র্যাজেডি, তেমনি ব্যক্তি মুজিবের জন্যও। স্বাধীনতার পরে আজ ৪০ বছরেও আমাদের যাত্রা, আমাদের গণতন্ত্রের অভিযাত্রা সঠিক পথে অগ্রসর হচ্ছে না।তাঁর পরবর্তী পর্যায়ের নেতারা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল, মনসুর আলী, কামরুজ্জামানেরাও তো ইতিহাসের ট্র্যাজিক চরিত্রই হয়ে রইলেন। কেবল রাজনীতি নয়, প্রায় সর্বক্ষেত্রেই কীর্তিমান মানুষদের আমরা হয় এমনভাবে বিতর্কিত করেছি অথবা ফাঁপা সম্মান দেখানোর চেষ্টা করেছি যে শেষ পর্যন্ত তাঁদের বেশির ভাগকেই ইতিহাসের ট্র্যাজিক চরিত্র বা নিঃসঙ্গ নায়ক আখ্যা দেওয়া যায়। এভাবে রবীন্দ্র-নজরুল-বিদ্যাসাগর-রোকেয়া-সূর্য সেন-প্রীতিলতা আদতে বাংলাদেশে ট্র্যাজিক চরিত্রে পরিণত হয়েছেন। আরেক দল কাগুজে মামুলি সম্মান দেখিয়ে যাচ্ছে বটে, কিন্তু তাঁদের শিক্ষা, জীবনদর্শন কখনো বোঝার চেষ্টা করেনি, গ্রহণ করেনি। আমরা এমন সমাজ তৈরি করতে পারিনি, যেখানে যথার্থ বিচার-বিশ্লেষণ করে কাউকে বিতর্কিত করা বা কারও বিতর্কিত হয়ে পড়া বন্ধ করা যায়, কিংবা কেউ অন্যায়ভাবে বিতর্কিত হয়ে পড়লে তাঁর পাশে দাঁড়ানো যায়, তাঁকে যথাযথ মূল্যায়ন করে প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া যায়।আমরা লক্ষ করছি, কীভাবে দেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তিটি ধীরে ধীরে নিজ দেশে এক ট্র্যাজিক নায়কে পরিণত হতে চলেছেন। তাঁরই মেধায় ও লালনে গড়ে ওঠা বিশ্বখ্যাত এবং নোবেলজয়ী প্রতিষ্ঠানটি থেকে তাঁকে যেভাবে বিতাড়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তা পদে পদে উভয় পক্ষের জন্য কেবল ক্লিন্নতা বাড়িয়ে চলেছে। তিক্ততা কাউকেই সঠিক পথ দেখায় না। এভাবে জাতীয় জীবনে আরেকটি ট্র্যাজিক অধ্যায় রচনাই সম্ভব।ড. মুহাম্মদ ইউনূস যত দিন শারীরিক-মানসিকভাবে সক্ষম থাকবেন, তত দিন তাঁর স্বপ্ন ও মস্তিষ্কপ্রসূত প্রতিষ্ঠানটির সেবা করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক। আর এতে যে প্রতিষ্ঠানের কল্যাণ হবে, সেটা বোঝার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন পড়ে না। এ পথে আইনি বাধা থাকতে পারে, সে ক্ষেত্রে সরকারের উচিত ছিল দেখা কীভাবে আইন বাঁচিয়ে তাঁকে প্রতিষ্ঠানটির সেবা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করা যায়। কারণ, আমরা সবাই তো চাইব, যে প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়েছে, যে প্রতিষ্ঠান বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে এবং যে মানুষটি এখনো দারিদ্র্যবিমোচন ও দরিদ্র মানুষের কল্যাণে নানা চিন্তা ও কর্মে সক্রিয় রয়েছেন, যাঁর কাছ থেকে বুদ্ধি-পরামর্শ পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন সরকার, বহু বিশ্ববিদ্যালয় সচেষ্ট রয়েছে, তাঁকে কীভাবে কাজ করার সুযোগ করে দিতে পারি। কিন্তু বাস্তবে কী ঘটছে?আইনের দোহাই দিয়ে তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরানো হলো, এবার চেষ্টা চলছে যেন তিনি নিজে, এমনকি তাঁর পছন্দের কেউ যেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও হতে না পারেন। এই অবস্থায় ড. ইউনূস নিজ হাতে গড়া প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ, সরকারের আচরণে ও বক্তব্যে ড. ইউনূস তাঁর উদ্ভাবিত কর্মসূচি, তাঁর হাতে গড়া প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক তো নয়ই, বরং প্রতিহিংসাপরায়ণ মনোভাবের প্রকাশ ঘটছে। ফলে দুশ্চিন্তা তাঁর বেড়েছে এবং মরিয়া হয়ে তিনি কখনো আইনের আশ্রয় নিতে চেয়েছেন, কখনো জাতির বিবেকের সহায়তা কামনা করেছেন।আমরা দেখছি তাঁর প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে ক্ষমতাশালী ব্যক্তিরা সরকারকে যথেষ্ট চাপ দিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। এর মধ্যে মার্কিন সরকার, স্বয়ং তাদের পররাষ্ট্রমন্ত্রী যখন সরকারকে সরাসরি চাপ দিয়ে চিঠি লেখেন, তখন আমরা স্বভাবতই বিব্রত ও বিরক্ত হই। এ কারণে অনেকেই ড. ইউনূসকেই দোষারোপ করছেন, তাঁকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে দুষছেন। কিন্তু তাঁকে দোষার আগে ড. ইউনূসের বিরুদ্ধে লেগে সরকারই যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজ শুরু করেছে, সে কথা বলতে হবে না? এভাবে আমি দেখছি পুরো বিষয়টা বাংলাদেশের জন্য একটি ট্র্যাজেডির দিকেই এগিয়ে চলেছে। যুদ্ধাপরাধীদের বিচার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সরকার গঠনের পর আশান্বিত হয়ে লিখেছিলাম, আবারও বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়িয়ে সামনে এগোনোর সুযোগ সৃষ্টি হয়েছে। আশা করেছিলাম আওয়ামী লীগ নেতৃত্ব সুযোগটা কাজে লাগাবে, যা একাত্তরের জয়ের পরে হাতছাড়া হয়েছে, নব্বইয়ের গণ-আন্দোলনের সাফল্যের পরও সম্ভব হয়নি, নিশ্চয় এবার সেই ব্যর্থতা কাটিয়ে ওঠা যাবে। বস্তুত, সাফল্য ছাড়া আমাদের তো আর কোনো বিকল্প ছিল না।মুক্তিযুদ্ধের বিজয়ী দল একটি বিষয় বিবেচনায় নিতে ভুলে যাচ্ছে বলে মনে হয়, জনগণ দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইনশৃঙ্খলার উন্নতি নিয়ে ভাবিত হলেও সবকিছুর ওপর তাদের কাছে দেশের মর্যাদা, মানুষের সম্মান গুরুত্ব পায়। পাকিস্তান সেটা দেয়নি বলেই সে পাকিস্তানকে প্রত্যাখ্যান করে স্বাধীন হয়েছে। দ্রব্যমূল্য বা বৈষয়িক প্রাপ্তি নয়, সেদিন জাতিগত ও আত্মমর্যাদার প্রশ্ন ছিল বড়। আমি নিশ্চিত, দেশের সাধারণ মানুষ ড. ইউনূসের কৃতিত্বে গর্বিত। তারা জানে, তিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। বঙ্গবন্ধুর পরে বিদেশে তাঁর নামেই বাংলাদেশ পরিচিত হয়। কলাম, টক শো, বিবৃতি সম্ভবত তাঁর কাজের প্রত্যুত্তর হিসেবে এতটা যথেষ্ট নয় যে মানুষ পাথুরে প্রমাণ ফেলে কাগুজে কথার পেছনে ছুটবে।দেশের প্রবীণ অর্থনীতিবিদেরা মনে করছেন, সরকারের নেওয়া ব্যবস্থায় গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে অতি আত্মবিশ্বাস, আমলানির্ভরতা, ক্ষমতার কেন্দ্রায়ন এবং দুর্নীতির বিষয়ে কঠোর না হওয়ায় সরকার অনেক অনিশ্চয়তা জমা করে তুলছে। গ্রামীণ ব্যাংক, পদ্মা সেতু এবং পুঁজিবাজারের অনিশ্চয়তা আর হলমার্ক, ডেসটিনি কেলেঙ্কারির দায় তো সরকারের ওপরই পড়বে। সরকারের উচিত সমস্যার সমাধান করা, অনিশ্চয়তা তৈরি করার অর্থ হলো বিরাজমান সমস্যাকে দীর্ঘায়িত করা। তাতে সরকারের ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়, যা আমরা কিছুতেই চাইছি না। আমরা যেমন চাইছি না ড. ইউনূস বাংলাদেশের জন্য এক ট্র্যাজিক নায়কে পরিণত হোন, তেমনি এটাও চাই না যে শেখ হাসিনা তাঁর অনেক যোগ্য পূর্বসূরির মতো শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক ইতিহাসের এক ট্র্যাজিক চরিত্র হয়ে ওঠেন। সেটা বন্ধ করতে হলে তাঁর কাছে মানুষের কাম্য হলো গণতান্ত্রিক সহনশীলতা, মানবিক ঔদার্য, প্রশাসনিক বিচক্ষণতা, রাজনৈতিক দূরদর্শিতা এবং সর্বোপরি যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশে সমঝোতা ও উদ্দীপনার পরিবেশ তৈরিতে যথার্থ নেতৃত্ব। এটাই ছিল ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী দলের নেত্রীর ওপর ইতিহাস-নির্ধারিত দায়িত্ব। সে কাজে তিনি ব্যর্থ হলে জাতির জন্য সেটা হবে মস্ত বড় ট্র্যাজেডি।আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।