ঠাকুরগাঁওয়ে এ কেমন বাস টার্মিনাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় বাস টার্মিনালের দুর্দশার যে চিত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা শুধু দুঃখজনকই নয়, বিস্ময়করও বটে।
মঙ্গলবার প্রকাশিত খবর অনুযায়ী, নির্মাণের পর ২০০৩ সালে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধন হলেও তা আজও চালু হয়নি। এখানে যাত্রীদের বসার ব্যবস্থা, টিকিট কাউন্টার, এমনকি যাত্রীদের খাবার ও কেনাকাটার জন্য ক্যানটিন, নামাজ আদায়ের ব্যবস্থা সবই আছে। কিন্তু সেটি সব সময় যাত্রীশূন্যই থাকে। কারণ, পরিবহন কোম্পানিগুলোর বাস এই টার্মিনালে এসে থামে না। ঝুঁকি নিয়ে পাশে মহাসড়কের বিভিন্ন জায়গায় বাস থামিয়ে তারা যাত্রী ওঠানামা করায়। তাই বাধ্য হয়ে যাত্রীরা রোদ-বৃষ্টিতে ভিজে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করেন। এতে যেমন দুর্ঘটনা ঘটছে, তেমনি সৃষ্টি হচ্ছে যানজটের।
এদিকে পড়ে থেকে থেকে টার্মিনালটির অবকাঠামো নষ্ট হয়ে গেছে। দরজা-জানালার লোহা চুরি হয়ে যাচ্ছে। পরিষ্কার না করায় ময়লা-আবর্জনায় ভরে গেছে। অরক্ষিত থাকায় জায়গাটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সব ধরনের সুবিধাসংবলিত আস্ত একটি বাস টার্মিনাল থাকার পরও তার ব্যবহার না হওয়াটা সত্যিই বিস্ময়কর।
প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, বাস টার্মিনালের আশপাশে বেশ কয়েকটি যাত্রীছাউনি আছে। এসব যাত্রীছাউনির প্রতিটিতে টিকিট কাউন্টার আছে। যাত্রীরা এখান থেকেই টিকিট কেনেন। বাসগুলো এসব যাত্রীছাউনির সামনে এসে থামে এবং যাত্রী তোলে ও নামিয়ে দেয়। ফলে টার্মিনালে যাওয়ার প্রয়োজনীয়তা কেউই অনুভব করে না।
কিন্তু এভাবে তো বছরের পর বছর চলতে পারে না। প্রথম আলোর খবর অনুযায়ী, বাস টার্মিনালটি বর্তমানে মোটর মালিক সমিতির নামে ইজারা দেওয়া আছে। এটি চালুর দায়িত্বও তাদের। তাই মোটর মালিক সমিতিকে বাস টার্মিনালটি চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। মোটর মালিক সমিতি এ ব্যাপারে শ্রমিক ইউনিয়ন, ঠাকুরগাঁও পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করতে পারে। এ ক্ষেত্রে মোটর মালিক সমিতির সদিচ্ছাই যথেষ্ট।