দেশে কোনো ফসলের ফলন বেশি হলে চাষিদের মুখে হাসি ফোটার বদলে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। ফসল সংরক্ষণের যে ব্যবস্থাপনা গড়ে উঠেছে, সেটিকে কোনোভাবেই পরিপূর্ণ, আধুনিক ও টেকসই বলা চলে না। উল্টো হিমাগারমালিকদের কাছে জিম্মি হতে হয় কৃষকদের। আলু চাষের জন্য বিখ্যাত ঠাকুরগাঁওয়ের চাষিরা তেমনই বিপাকে পড়েছেন। বছরের পর বছর লোকসান দিয়েও আলু চাষ করে যাচ্ছেন তাঁরা, এটি বোধ হয় তঁাদের অপরাধ! ঠাকুরগাঁও থেকে আলু যায় গোটা দেশে। গত ১০ বছরে ছয় বছরই আলুতে চাষি ও ব্যবসায়ীরা লোকসান করেছেন। এবারও বড় ক্ষতি দেখছেন তাঁরা।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চুক্তি অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে হিমাগারে সংরক্ষিত আলু বের করে নিতে হবে বলে কৃষকদের জানিয়ে দিয়েছেন মালিকেরা। এদিক বাজারে দাম পড়তির দিকে থাকায় হিমাগারের আলু বের করা হলে দাম আরও পড়ে যাবে। তখন আলু রাস্তায় ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না কৃষকদের। গত বছর বাজারে আলুর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এ বছর কৃষক আলু চাষে ঝুঁকে পড়েন। ফলে হিমাগারে সংরক্ষণের পাশাপাশি ঘরেও রেকর্ড পরিমাণ আলু থেকে যায়। বাজারে ব্যাপক সরবরাহ থাকায় হিমাগার থেকে ৫০ ভাগ আলুও বের করার সুযোগ হয়নি কৃষকের।
হিমাগারগুলো বলছে, ১৫ নভেম্বর হিমাগারের সব কুলিং মেশিন বন্ধ করে দেওয়া হবে। এরপর আলু নষ্ট হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। চুক্তির বিষয়টি ঠিক থাকলেও প্রতিবছর ঠিকই ডিসেম্বর পর্যন্ত আলু রাখে হিমাগারগুলো। মূলত আলু সংরক্ষণের ভাড়া বাড়াতে চাষিদের সঙ্গে এমন আচরণ করছেন হিমাগারমালিকেরা। এ বছর এসে মেশিন চালু রাখতে গেলে অতিরিক্ত বিদ্যুৎ বিলের কথা বলছেন তাঁরা, আগে যেটি হয়নি।
এ বছর আলুর ব্যাপক ফলন দেখে হিমাগারের মালিকেরা বাড়তি ভাড়া দাবি করেন। চাষি ও ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানালে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ভাড়া নির্ধারণ করা হয়। আলুচাষি ও ব্যবসায়ীরা বলছেন, ভাড়া নিয়ে আন্দোলন করায় মালিকদের আক্রোশের শিকার হচ্ছেন তাঁরা। এমনটি হলে হিমাগারে সংরক্ষণ করা আলুবীজ নষ্ট হয়ে যাবে। এতে আগামী মৌসুমে আলুবীজের সংকটে আবাদ কম হবে। এতে হিমাগারের মালিকদেরই যে ক্ষতি, জেদের কারণে তা তঁারা বুঝতে চাইছেন না। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক বলছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই করোনা পরিস্থিতির টানাপোড়েনের মধ্যে কোনোভাবেই যাতে চাষিরা ক্ষতিগ্রস্ত না হন। স্থানীয় প্রশাসন বিষয়টি দ্রুত নিশ্চিত করুক।