ঠাকুরগাঁওয়ের অবৈধ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাম চিমনির ইটের ভাটা পরিবেশ আইন অনুযায়ী পুরোপুরি অবৈধ। এর পরও ঠাকুরগাঁওয়ে এ ধরনের ইটের ভাটা চলছে জেলা প্রশাসনের ‘মৌখিক’ অনুমতির ভিত্তিতে। কিন্তু কেন? এ নিয়ে কোনো ব্যাখ্যাও দিতে চান না জেলা প্রশাসক। মাঝে তিন মাস এ ধরনের ইটের ভাটা বন্ধ ছিল, এটাকেই বড় অর্জন বলে মনে করছেন তিনি! আমাদের বিস্ময়, এ ধরনের কর্মকর্তাদের দিয়েই চলছে আমাদের জেলা পর্যায়ের সর্বোচ্চ প্রশাসন।ইটের ভাটার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি যেমন লাগে, তেমনি ড্রাম চিমনি ও কাঠ পুড়িয়ে ইট তৈরি আইন অনুযায়ী অবৈধ। ফলে এ ধরনের অনেক ইটের ভাটা বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। এরপর অবৈধ এই মালিকদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে। এর পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অনুমতি। আর্থিক লেনদেন ছাড়া শুধু তদবিরের কারণেই অনুমতি মিলেছে, এমনটি বিশ্বাস করা কঠিন। জেলা ইট প্রস্তুতকারী সমিতি আর্থিক সুবিধা নিয়ে অবৈধ ভাটাগুলোকে চালু করতে দেওয়ার অভিযোগ এনেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। জেলা প্রশাসক বিষয়টি যতই অস্বীকার করুক, অবৈধ ইটভাটাগুলো যে এমনি চালু করা যায়নি সেটা স্পষ্ট। এ ধরনের একটি ড্রাম চিমনির ইটভাটার মালিক সরাসরি না হলেও এটা স্বীকার করেছেন যে ‘ভাটা চালু করতে হলে কিছু না-কিছু দিতেই হয়’। এই ‘কিছু না-কিছুর’ বিনিময়েই ঠাকুরগাঁওয়ের অবৈধ ইটভাটাগুলোয় ইট পোড়ানো হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, ড্রাম চিমনির ইটভাটা চালু করার কোনো ধরনের অনুমতি কেউ দিতে পারে না। এ ধরনের অবৈধ কাজে যখন জেলা পরিষদ জড়িয়ে পড়ে, তখন একে ঠেকাবে কে? এ ধরনের ইটের ভাটাগুলো চালু করার অনুমতি কেন দেওয়া হলো, সে ব্যাপারে জেলা প্রশাসক কিছু বলতে না চাইলেও তাঁর মন্তব্যে এটা পরিষ্কার যে, এ ব্যাপারে তিনি অনেকটাই অসহায়। বোঝা যাচ্ছে, শক্তিশালী কেউ রয়েছে এর পেছনে এবং জেলা প্রশাসনকে দিয়ে পরিবেশ ধ্বংসকারী এই ইটের ভাটাগুলোকে বন্ধ করা যাবে না। এ অবস্থায় আমরা সরকারের আরও উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করছি। অবৈধ এই ইটভাটাগুলো বন্ধ করে এটা প্রমাণ করা জরুরি হয়ে পড়েছে যে, সরকারের প্রশাসন চোখ-কান বন্ধ করে বসে নেই।