ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা-বাকাই খালসংলগ্ন এলাকার বাসিন্দাদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইল্লা-বাকাই খালের ওপর একটি সেতুর নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। কিন্তু বিকল্প সড়ক না থাকায় এবং সেতুর দুই পাশ মাটি দিয়ে ভরাট না করায় এলাকাবাসী বাঁশের সাঁকো তৈরি করে ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত দুই মাসে সাঁকো থেকে পড়ে গিয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গত সপ্তাহে সাঁকো থেকে পানিতে পড়ে ছয় বছর বয়সী একটি শিশু মারা যায়। এ মৃত্যুর দায় কার?
সেতু নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর অনিয়মের কারণে এত সব দুর্ঘটনা ঘটে যাচ্ছে অথচ স্থানীয় প্রশাসনের কি কিছুই করার নেই? এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও তিনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক।
যেকোনো স্থানে সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করার সময় ডাইভারসন রোড বা বিকল্প সড়ক নির্মাণ করার কথা থাকে। কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিকল্প সড়ক নির্মাণ করা হয়নি। এখানে অর্থ বাঁচানোর ব্যাপার কাজ করে থাকতে পারে। আর সেতু নির্মাণের পর দুই পাশে মাটি ভরাট করে তা চলাচলের উপযোগী করা হচ্ছে না কেন? এ ক্ষেত্রে সমস্যাটি কোথায়? বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।
এ ব্যাপারে আমরা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা প্রকল্প কর্মকর্তা ইউএনওর অধীন। ফলে ইউএনওকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। এলাকাবাসীকে ভোগান্তির হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য জরুরি ভিত্তিতে সেতুর দুই পাশে মাটি ফেলার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কাজে গাফিলতি ও অনিয়মের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।