পরিকল্পনাহীনতা ও উদ্যোগহীনতার চূড়ান্ত দৃষ্টান্ত হতে পারে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট। এমফিল ও পিএইচডি কোর্সের মতো উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যাঁরা দুই বছর আগে ভর্তি হয়েছিলেন, তাঁদের শিক্ষা কার্যক্রম এখনো শুরুই করা যায়নি। তৈরি হয়নি সিলেবাসও। অথচ পাঁচ বছর ধরে নিয়মিত বেতন-ভাতা নিয়ে যাচ্ছেন এই ইনস্টিটিউটের নয় কর্মকর্তা ও ১২ কর্মচারী। এটা সত্যিই বিস্ময়কর যে এত দিন ধরে তাঁরা তবে করেছেন কী!
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ ও আচার্যের অনুমোদন নিয়ে এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই এর পরিচালকের দায়িত্ব পালন করছেন। এত গুরুত্ব যে ইনস্টিটিউটের, তার এ দশা কেন, সেটা নিয়েই এখন গবেষণা জরুরি হয়ে পড়েছে। উপাচার্য শিক্ষা কার্যক্রম শুরু করতে না পারার জন্য যে ‘নানা প্রতিকূলতার’ দোহাই দিয়েছেন, তা গ্রহণযোগ্য হতে পারে না। প্রস্তুতি ছাড়া গবেষকদের কেন ভর্তি করা হলো? আর ভর্তির পর যে দুই বছর সময় পাওয়া গেল, তখনো কেন কিছুই করা গেল না?
বোঝা যায়, অদক্ষ ও উদ্যমহীন এক চক্রের হাতে পড়েছে এ গবেষণা প্রতিষ্ঠানটি। নইলে কেন এ সময়ের মধ্যে সিলেবাসটিও তৈরি করা যাবে না? ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী এমফিল কোর্সের মেয়াদ দুই বছর আর পিএইচডি কোর্সের তিন বছর। এই ইনস্টিটিউটে ভর্তি হয়ে যে গবেষকেরা তাঁদের দুই বছর সময় নষ্ট করলেন, তার দায় কে নেবে? তাঁদের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা উচ্চতর শিক্ষার জন্য সেখান থেকে ছুটি নিয়েছিলেন। অথচ কিছুই না করে অনেকের ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
এই দায়িত্বহীনতার জন্য কারা দায়ী, তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এখন কীভাবে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা যায়, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া জরুরি।