ডাকসু নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা এক মস্ত পরিহাস যে আশির দশকজুড়ে জেনারেল এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিভূ ছিল ডাকসু। এরশাদের পতন বাংলাদেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পথ সুগম করেছিল। সেই অর্থে তারা উভয়ে প্রত্যক্ষভাবে ডাকসুর সুবিধাভোগী। স্বৈরাচারের আমলে ডাকসু নির্বাচন দিলে তা ক্ষমতাসীনদের জন্য হুমকি বয়ে আনতে পারে, তা আন্দাজ করা কারও জন্যই দুরূহ ছিল না। কিন্তু জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে ডাকসু নির্বাচন প্রতিহত করা সম্ভব হয়নি। আর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে ওই ডাকসু নির্বাচনগুলো প্রধান দলগুলোর দাবি অনুযায়ী দেশের গণতন্ত্রের মুক্তির জন্য কার্যকর ভূমিকা রেখেছে।

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়া এবং ২০১৪ সালে একতরফা নির্বাচন অনুষ্ঠানের পরে রাজনীতিতে  অচলাবস্থা যেন স্থায়ী রূপ লাভ করেছে। কিন্তু যখন তা ছিল না, তখনো দুই বড় দলের চিহ্নিত নীতিনির্ধারক, যাঁরা সরাসরি ডাকসু নির্বাচনের সুবিধাভোগী, তাঁরা বহু গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক কথা বলেছেন, কিন্তু ডাকসুর নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে নীরবতা পালন করেছেন। এটা এমন এক পটভূমিতে ঘটে চলেছে, যখন আমরা দেখেছি সারা দেশে দুই বড় দলের অভ্যন্তরীণ কমিটিগুলো দলীয় হাইকমান্ডের ইশারায় গঠিত হচ্ছে। গোপন ব্যালটে অবাধ ও সুষ্ঠু ভোট ব্যবস্থায় তাদের অনীহা অস্পষ্ট নয়। কোনো পর্যায়ের নির্বাচন থেকেই বড় দলগুলো এমন কোনো ফলাফল আশা করে না, যা সম্ভাবনাময় নতুন নেতৃত্ব দিতে পারে। কারণ, নতুনেরা পুরোনোদের জন্য কার্যকর চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ডাকসুর প্রতি রাজনীতিকেরা কার্যত মুখ ফিরিয়ে আছেন। আদালতের নির্দেশ সত্ত্বেও ডাকসু নির্বাচন না হওয়ার জন্য বিএনপিকে আমরা সোচ্চার হতে দেখি না। দুই দলের লেজুড়বৃত্তির সঙ্গে যারাই জড়িত, তারাই ডাকসুর নির্বাচনের বিষয়ে নীরব। ২০১২ সালে ২৫ শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামানসহ প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ কামাল উদ্দিনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা গ্রহণ না করা হলে তিনজনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে।

আমরা মনে করি, ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই আইনি প্রয়াস চালানো অত্যন্ত প্রয়োজনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এতে সাড়া দেবে এটাই প্রত্যাশিত। বিষয়টি আদালত অবমাননা পর্যন্ত গড়াতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আদালতের নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কালক্ষেপণ থেকে এটা প্রতীয়মান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচনের বিষয়টি জাতীয় রাজনীতির নীতিনির্ধারকদের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা গ্রহণযোগ্য নয়, রাজনৈতিক নীতিনির্ধারণী কর্তৃপক্ষের উচিত আদালতের নির্দেশনা অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সহযোগিতার হাত বাড়ানো।