ডাকসু নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে—এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এটা আনন্দের সংবাদ। এটা জাতীয় নির্বাচন না হলেও আমাদের জাতীয় রাজনীতিতে এর গুরুত্ব আছে। কারণ, ছাত্ররাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির গৌরবময় ইতিহাস আছে। পাকিস্তান আমলে, ১৯৬৯ সালে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে যে গণ–অভ্যুত্থান হয়েছিল, তাতে ডাকসু অগ্রণী ভূমিকা পালন করেছিল। আশির দশকে ডাকসু স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে। ডাকসুকে অনেকে দেশের ‘দ্বিতীয় পার্লামেন্ট’ বলতে চান।

সেই ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়নি প্রায় তিন দশক হতে চলল। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে রিট পর্যন্ত হয়েছে। এক ছাত্র একাই অনশন–ধর্মঘট করেছেন। এমন প্রেক্ষাপটে ১১ মার্চ ডাকসু নির্বাচনের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনার সঞ্চার করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল, বাম গণতান্ত্রিক ছাত্র জোটসহ বিরোধী ছাত্রসংগঠনগুলো প্রথমে নির্বাচন পিছিয়ে নেওয়ার এবং হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি আমলে নেয়নি। শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত তফসিল মেনে বিরোধী ছাত্রসংগঠনগুলোও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করা হচ্ছে।

গত আড়াই দশকের ছাত্ররাজনীতির বৈশিষ্ট্য হলো, যখন যেই দল ক্ষমতায়, সেই দলের ছাত্রসংগঠনই ক্যাম্পাস নিয়ন্ত্রণ করে থাকে এবং বিরোধী দলের ছাত্রসংগঠনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের শাসনামলেই এই অপসংস্কৃতি চলে আসছে। ডাকসু নির্বাচন সামনে রেখে দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের পদচারণে মুখর, সংগঠনগুলো নিজ নিজ প্যানেলের পক্ষে প্রচার চালাচ্ছে—এটি আনন্দের বিষয়। অবশ্য এর স্থায়িত্ব নিয়ে বিরোধী ছাত্রসংগঠনগুলোর মধ্যে শঙ্কা রয়েছে। ছাত্রদলের নেতাদের বক্তব্য, তাঁরা যে ক্যাম্পাসে আসতে পেরেছেন, তার কারণ সরকারপন্থী ছাত্রলীগ করুণাবশত বাধা দেয়নি। তাঁদের এই অভিযোগ সত্য হলে তা দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয়ের আইন মেনে ক্যাম্পাসে সব ছাত্রসংগঠন কার্যক্রম চালাবে, কেউ কারও জন্য হুমকি হবে না, সেটাই প্রত্যাশিত। সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও জ্ঞান সৃষ্টির স্থান, পেশিশক্তি প্রদর্শন বা দখলের নয়।

সব ছাত্রসংগঠন নির্বাচনে অংশ নিচ্ছে, এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্তব্য অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করা। বিরোধী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে যেসব বিষয়ে সন্দেহ ও সংশয় প্রকাশ করা হয়েছে, সেগুলো দূর করতে হবে। নির্বাচনের প্রতিটি পর্যায়ে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিরোধী ছাত্রসংগঠনের অভিযোগ, হলগুলো এখনো সরকারি ছাত্রসংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রিত পরিবেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচনে যে ছাত্রসংগঠনই জয়ী হোক না কেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একবারই ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে ১৯৭৩ সালে, যা এই গৌরবজনক প্রতিষ্ঠানটির জন্য কলঙ্ক হয়ে আছে। আগামী নির্বাচনে তার পুনরাবৃত্তি হবে না, এটাই আমাদের প্রত্যাশা।

ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের নির্বাচনের বিষয়েও আমরা আশাবাদী হতে পারব। আর এই নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত হলে জাতীয় রাজনীতির মতো ভবিষ্যৎ ছাত্ররাজনীতিও প্রশ্নবিদ্ধ হবে এবং তার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে।