করোনার আতঙ্কের মধ্যে সম্প্রতি বাংলাদেশের শতাধিক গ্রামে ডাকাতের গুজব ছড়িয়ে পড়ছে। গত এক সপ্তাহে টাঙ্গাইল, মির্জাপুর, শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদীসহ অনেক জায়গায় মধ্যরাতে মসজিদ থেকে ‘এলাকায় ডাকাত ঢুকে পড়ার’ ঘোষণা দেওয়া হয়েছে। এসব ঘোষণায় লকডাউন ও শারীরিক দূরত্বের নিয়ম ভেঙে হাজারো মানুষ শোরগোল তুলে রাস্তায় চলে আসছে। কোথাও কোথাও নিরীহ লোককে সন্দেহভাজন বলে ধরে নিয়ে আটক, পিটুনি ইত্যাদি দেওয়া হচ্ছে। আড়াইহাজারে একজনের মৃত্যুও হয়েছে গণপিটুনিতে, যদিও তাঁর ডাকাতির সংশ্লিষ্টতা প্রমাণিত নয়। একসঙ্গে দেশের অনেক জায়গায় ডাকাতির গুজব, মাইকিং এবং বিশৃঙ্খলা জনমনে আতঙ্কের মাত্রাটা বুঝিয়ে দেয়।
অন্তত ৯৯ ভাগ ক্ষেত্রে এসব গুজবনির্ভর মাইকিং নিষ্ফল হয়েছে, কিন্তু শোরগোলের মধ্যে জনস্বাস্থ্যের ঝুঁকি ঠিকই বেড়েছে। অনেক সময় দেখা যায়, দুর্যোগ ও অনিশ্চয়তার সময় মানুষ স্নায়বিক চাপে পড়ে। এ রকম চাপের মুখে গুজবে বিশ্বাস করে অনেক বড় অঘটনও সাধারণ মানুষের দ্বারা হওয়া সম্ভব। এসব ঘটনা লকডাউনের মধ্যে মানুষের নিরাপত্তাভীতিরও ইঙ্গিত দেয়। জনমনস্তত্ত্বের এ পরিবর্তন কিসের আলামত, তা সমাজবিজ্ঞানীদেরও ভাবা দরকার। কেন এসব হচ্ছে, তার ব্যাখ্যা সরকারের কাছেও থাকা উচিত।
এ বিষয়ে প্রথম আলোয় প্রকাশিত সংবাদগুলো থেকে দেখা যায় যে অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আতঙ্কিত হয়ে ডাকাত ঢুকে পড়ার ঘোষণা দেওয়া হয়। দুটি ঘটনায় অন্তত পাঁচ তরুণকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, তাঁদের মধ্যে কারও ডাকাতির কোনো যোগসাজশ পাওয়া যায়নি। আড়াইহাজারে নিহত ব্যক্তিটি অতীতে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। লকডাউনের মধ্যে সাধারণ অপরাধ কমে গেলেও মানুষের মধ্যে যে ভীতি ছড়িয়েছে, তা কমানো জরুরি। কেননা, ভীত মানুষ অস্বাভাবিক ও অপরিণামদর্শী আচরণ করে ফেলে। এ জন্য জেলা প্রশাসন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও পুলিশ বিভাগের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, মানুষকে আশ্বস্ত করা প্রয়োজন, অনেক এলাকায় পুলিশ ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের টহল বাড়ানো প্রয়োজন।
পাশাপাশি দেখা যাচ্ছে, ফেনীর সোনাগাজীতে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতির ক্ষমাপ্রাপ্ত খুনের আসামি আবার খুনের দায়ে অভিযুক্ত হয়েছেন, গাজীপুরে প্রবাসীর স্ত্রীসহ তিন সন্তানের গলাকাটা লাশ ঘরের ভেতর পাওয়া গেছে, ঢাকা শহরে বেশ কিছু ধর্ষণের ঘটনা এর মধ্যেই ঘটেছে। লকডাউন ও করোনাজনিত উদ্ভূত পরিস্থিতির সুযোগ যাতে পেশাদার অপরাধী ও সুযোগসন্ধানীরা নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকা বাঞ্ছনীয়।