ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতাল সূত্রে মঙ্গলবার প্রথম আলোয় খবর বেরিয়েছে, গত কয়েক দিনে ডায়রিয়ার প্রকোপ বেশ বেড়েছে। কদিন ধরে ঘণ্টায় গড়ে ২০ জন রোগী ওই হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের প্রায় ৪০ শতাংশই শিশু। ওই হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, রোগীদের ২০ থেকে ২৫ শতাংশ হাসপাতালে ভর্তি হচ্ছে তীব্র ডায়রিয়া অথবা কলেরায় আক্রান্ত হয়ে। ডায়রিয়ার সঙ্গে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার তথ্যও মিলছে।
শুকনো মৌসুমে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া দেখা দেয়, অত্যধিক গরমে ঝুঁকিটা আরও বাড়ে। দেখা যাচ্ছে, আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটা বড় অংশ রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকার। সেখানে নিরাপদ পানি সরবরাহের সমস্যা আছে। সবকিছুর আগে এই সমস্যার সমাধান প্রয়োজন। খাওয়ার স্যালাইন থেকে শুরু করে শরবত তৈরি পর্যন্ত সব ক্ষেত্রেই পানি হতে হবে নিরাপদ। এ ক্ষেত্রে অবহেলা ও কালক্ষেপণ প্রাণঘাতী হতে পারে, বিশেষত শিশুদের ক্ষেত্রে।
সরকারের তরফ থেকে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার। বিশেষত গ্রামাঞ্চলের মানুষকে সচেতন করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ বেসরকারি সেবা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। খাওয়ার স্যালাইন সহজলভ্য করা প্রয়োজন। সংবাদমাধ্যম, বিশেষত বেতার-টিভি ডায়রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বেশ ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারে, সেটা তাদের করা উচিত।
অভিভাবকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে শিশুদের ব্যাপারে, কারণ শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, অসহায়ত্ব তাদেরই বেশি।