একসময় বিভিন্ন দেশে মহামারি আকারে দেখা দিলেও বেশ কিছু সংক্রামক রোগ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। যেমন— জলবসন্ত ও পোলিও। তবে এসব রোগ নির্মূলে বড় ভূমিকা রেখেছে ভ্যাকসিন। এ ছাড়া, নিরাপদ পানীয় সরবরাহ ও উন্নত স্যানিটেশন-ব্যবস্থার কারণেও অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমান পৃথিবীতে সংক্রামক রোগের চেয়ে বেশ কিছু অসংক্রামক রোগের প্রকোপ বেশি। বেশ কিছু রোগ ইতিমধ্যে মহামারিতে পরিণত হয়েছে। অসংক্রামক এসব রোগের অধিকাংশই পরিবর্তিত জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস এবং পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট। যেমন—ডায়াবেটিস, হূদেরাগ, স্ট্রোক, ক্যানসার ইত্যাদি। আমরা লক্ষ করলে দেখব, এসব রোগের প্রতিটিরই চিকিৎসা বেশ ব্যয়বহুল। কারণ, অসংক্রামক ব্যাধিগুলোর অধিকাংশই, বিশেষ করে ডায়াবেটিস একটি জীবনব্যাপী রোগ। ডায়াবেটিস এমন একটি রোগ, যা সারা বিশ্বেই বাড়ছে। তবে বৃদ্ধির এই হার উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেশি। সারা বিশ্বে এ রোগের ক্রমবর্ধমান পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি হিসেবে চিহ্নিত করেছে। ২০০৬ সালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বরকে ‘জাতিসংঘ দিবস’ ঘোষণার জন্য জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করে। জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর মাধ্যমে জাতিসংঘও এ রোগটিকে মানবজাতির জন্য হুমকি হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু শুধু একটি দিবস পালনের মধ্য দিয়ে আমরা ডায়াবেটিসের ভয়াবহতা থেকে মানুষকে, বিশেষত আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে পারব না। এর জন্য একদিকে যেমন গণসচেতনতা সৃষ্টি করতে হবে, তেমনি একটি সুস্থ পরিবেশও গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। আর এর জন্য দরকার একটি পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ। একসময় মানুষের জানা না থাকলেও এখন এটা নিশ্চিত যে টাইপ-২ ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধযোগ্য রোগ। উন্নত বিশ্বের অনেক দেশই ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে সক্ষম হয়েছে এবং ইতিমধ্যেই ডায়াবেটিস অনেকাংশে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আমরা ফিনল্যান্ডের উদাহরণ দিতে পারি। এ দেশটি ইতিমধ্যে ডায়াবেটিস প্রতিরোধে অনেকাংশে সফল হয়েছে।ডায়াবেটিস প্রতিরোধ করার কাজটি খুব সহজ নয়। এর জন্য দরকার নানামুখী পরিকল্পনা। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। বিশেষ করে, রাজধানী ঢাকার দিকে তাকালে আমরা দেখব, এর এক ইঞ্চি জমিও খালি নেই। নেই হাঁটাচলার জন্য পর্যাপ্ত রাস্তা। নেই খেলার মাঠ। এমনকি স্কুল-কলেজগুলোতেও খেলার কোনো জায়গা নেই। অনেক স্কুল-কলেজ গড়ে উঠেছে শহরের আবাসিক এলাকায়, কোনো কোনোটি ফ্ল্যাটবাড়িতে। ফলে, স্কুল-কলেজেও ছেলেমেয়েদের খেলাধুলা করার সুযোগ নেই। অন্যদিকে, নগরায়ণ এবং প্রযুক্তির অভাবনীয় বিকাশের কারণে মানুষের কায়িক পরিশ্রম অনেক কমে গেছে। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ফাস্টফুড ও কোমল পানীয়র মতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যাভ্যাস গড়ে উঠেছে। এমনিতেই তাদের হাঁটাচলা বা খেলাধুলা করার সুযোগ নেই, তার ওপর এ ধরনের ক্যালরিসমৃদ্ধ খাবার গ্রহণের ফলে তাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে। শরীরের অতিরিক্ত ওজন ও মেদবাহুল্যের কারণে এদের অনেকেই আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস, হূদেরাগসহ বিভিন্ন রকমের অসংক্রামক রোগে। এই অবস্থা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে একদিকে যেমন ফাস্টফুড ও কোমল পানীয়র ক্ষতি সম্পর্কে তাদের সচেতন করতে হবে, তেমনি ফাস্টফুডের প্যাকেটে যাতে ক্যালরির পরিমাণ উল্লেখ থাকে, সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কিন্তু কাজটি খুব সহজ নয়। বর্তমানে সিগারেটের প্যাকেটে বেশ বড় করে লেখা থাকে ‘ধূমপানে ক্যানসার হয়’ বা ‘ধূমপানে মৃত্যু ঘটায়’। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও সিগারেটের প্যাকেটে এ ধরনের সতর্কবাণী উল্লেখ করার ব্যাপারে সিগারেট ব্যবসায়ীদের রাজি করাতে আমাদের বহু বছর সময় লেগেছে। যেকোনো ধরনের তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও আমরা এখনো তামাক চাষ নিষিদ্ধ করতে পারিনি। যদিও গাঁজা ও আফিম চাষ প্রায় সব দেশেই নিষিদ্ধ করা সম্ভব হয়েছে। এখন তো এটা প্রমাণিত যে গাঁজা ও আফিমের মতো তামাকও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই অবস্থায় সরকার ও জাতিসংঘ উদ্যোগ নিলে এ দেশে তামাক চাষও নিষিদ্ধ করা সম্ভব। আমরা আশা করি, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে তামাক বা সিগারেট বিক্রি একেবারে নিষিদ্ধ না করা পর্যন্ত সরকার সিগারেট ও তামাক বিক্রির ট্যাক্স বাবদ অর্জিত অর্থ ব্যয় করতে পারে স্বাস্থ্য খাতে, ডায়াবেটিসসহ অন্যান্য রোগের প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির কাজে। এটা হবে কিছুটা মন্দের ভালো। সরকারি উদ্যোগের পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে হলে আমাদের গণজোয়ার সৃষ্টি করতে হবে। এর জন্য দরকার একটি সমন্বিত পরিকল্পনা। এ ব্যাপারে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমগুলোও বিশেষ ভূমিকা রাখতে পারে। আমাদের আগামী প্রজন্মকে ডায়াবেটিস ও অন্যান্য অসংক্রামক রোগের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে এ ব্যাপারে আমাদের এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।অধ্যাপক এ কে আজাদ খান: চিকিৎসাবিজ্ঞানী ও সমাজকর্মী। সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।ফরিদ কবির: কবি ও প্রাবন্ধিক। যুগ্ম পরিচালক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।