এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দূষণের কারণে ব্রহ্মপুত্র নদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। এটা অভাবনীয় যে নরসিংদী সদর উপজেলার ৫০টি ডায়িং কারখানা থেকে যেখানে অনবরত বর্জ্য নিঃসরণ চলছে, সেখানে পরিবেশ ও নদী রক্ষাবিষয়ক কর্মকর্তারা দায়িত্ব পালনে গাফিলতি করে চলছেন। যেখানে ৫০টি কারখানার মধ্যে ৩০টিরই পরিবেশ ছাড়পত্র নেই, সেখানে একটিকেও তাঁরা নিয়ন্ত্রণে আনতে পারেননি। আবার যাদের ছাড়পত্র আছে এবং দূষণ রোধে তারা বিধি অনুযায়ী তরল বর্জ্য পরিশোধনাগারও (ইটিপি) তৈরি করেছে, কিন্তু দূষণ ছড়াতে তারাও ক্ষতিকর ভূমিকা রাখছে। কর্মকর্তা ও বণিক সমিতির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে ইটিপি চালু রাখার ব্যয় কমাতে গিয়ে কারখানাগুলো সুযোগ পেলেই, বিশেষ করে রাতে তারা তা বন্ধ রাখে। এর ফল দাঁড়িয়েছে এই যে টনকে টন বর্জ্য জমছে ব্রহ্মপুত্র নদে।
কিন্তু এর প্রতিকার কী? কর্তৃপক্ষ বিভিন্ন কারখানাকে জরিমানা করলেও তা খুব একটা সুফল দিচ্ছে না। কারণ, কারখানার মালিকেরা ক্ষেত্রবিশেষে জরিমানা দিলেও দূষণ বন্ধ করছেন না। এক হিসাবে গত পাঁচ বছরে নরসিংদীর এসব ডায়িং কারখানার মালিকেরা পাঁচ কোটি টাকার বেশি জরিমানা দিয়েছেন। এখনো দুটি প্রতিষ্ঠানের কাছেই ২৭ লাখ টাকা জরিমানার অর্থ উশুল না করা অবস্থায় আছে। কিন্তু অনুমান করতে কষ্ট হয় না যে এই অর্থ আদায় করা হলেও তা পরিস্থিতির উন্নয়নে তেমন সহায়ক হবে না।
জরিমানা যেহেতু তেমন সুফল দেয়নি, তাই কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, তাঁদের জন্য অধিকতর কোনো প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া যায় কি না, তা–ও বিবেচনায় নিতে হবে। তাঁদের বোঝাতে হবে পরিবেশ সুরক্ষা না হলে শিল্পও বাঁচবে না। এ ছাড়া কারখানার বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ সাময়িকভাবে বন্ধ করা, প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালু করা যেতে পারে। যেকোনো মূল্যে ব্রহ্মপুত্রকে বাঁচাতে হবে।