ডিএনএ প্রযুক্তির পথ ধরতে হবে আমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়াব্যাপী প্রযুক্তির আধুনিকায়ন ঘটেছে। ডিজিটাল প্রযুক্তির পথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। জেনোম সিকোয়েন্স উদ্ভাবনের পথ ধরে ডিএনএ প্রোফাইলিং এক বিস্ময়কর অবদান। অপরাধী আজকাল এত বেশি ধুরন্ধর ও কৌশলী যে শতভাগ ক্ষেত্রে হত্যা ও ধর্ষণের মতো মারাত্মক অপরাধ ঘটার সময় হত্যাকারী ও ধর্ষককে হাতেনাতে ধরা যায় না। জনরোষের ফলে সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে অপরাধী গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তি দিলেও এবং শেষ পর্যন্ত আদালত পর্যন্ত মামলা গড়ালেও আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী ছাড়া পেয়ে যায়। উদ্বেগজনক ব্যাপার হলো, আজকাল ধর্ষক ধর্ষণের পর শাস্তি এড়ানোর জন্য ধর্ষিতাকে হত্যা করছে। ফলে সাক্ষ্য-প্রমাণ দ্বারা ধর্ষণ বা হত্যার জন্য অপরাধীর শাস্তি নিশ্চিত করা একেবারেই অসম্ভব ব্যাপার। যেকোনো নারীর জন্য ধর্ষণ একটি গুরুতর স্পর্শকাতর ও অপমানজনক ঘটনা। তাই নির্যাতিত নারী জীবিত থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ধর্ষিতা কিংবা তার পরিবার পারিবারিক সম্মান ও মানমর্যাদা রক্ষার জন্য থানা-পুলিশ করা কিংবা এ ধরনের স্পর্শকাতর বিষয় আদালত পর্যন্ত নিতে চায় না। আজকে ডিজিটাল প্রযুক্তির এই অভাবনীয় উন্নতির যুগে ধর্ষণ ও হত্যার অভিযোগ গঠনের জন্য মান্ধাতার আমলের পুলিশি তদন্ত পদ্ধতি অকার্যকর হয়ে গেছে।জেনোম সিকোয়েন্সিং আবিষ্কারের পথ ধরে দুরন্ত গতিতে ডিএনএ প্রোফাইলিং আজ ধর্ষণ ও হত্যার মতো ভয়ংকর অপরাধের অপরাধী শনাক্ত করার এক অকাট্য প্রমাণ হিসেবে উন্নত বিশ্ব যথা ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালতের স্বীকৃতি লাভ করেছে। কেরালা, দিল্লিসহ ভারতের যেসব রাজ্যে হত্যা ও ধর্ষণের মতো ভয়ংকর অপরাধের মাত্রা বেড়ে গেছে, ওই সব রাজ্যের আদালতে ডিএনএ পরীক্ষার ফল একটি গ্রহণযোগ্য প্রমাণ। দিল্লির দামিনী ধর্ষণ ও হত্যার ব্যাপারে যে দ্রুত বিচার আদালত গঠন করা হয়েছে, সেখানেও বিচারকদের নির্দেশে ডিএনএ প্রযুক্তির মাধ্যমে পাওয়া প্রমাণও উপস্থাপন করা হবে। ধর্ষণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রতিরোধ থাকবে, এমনকি কিছুটা ধস্তাধস্তিও ঘটবে। সে কারণে আক্রান্ত নারীর দেহ এবং পরিহিত পোশাকে রক্ত, শুক্রকণা, ঘাম, মুখের লালা, এমনকি দু-একটা চুলও পড়ে থাকতে পারে। এর মধ্যে যেকোনো একটি উপাদান ডিএনএ পরীক্ষার জন্য যথেষ্ট। ভিকটিমের দেহ কিংবা পোশাকে অপরাধীর রেখে যাওয়া এমন যেকোনো একটি আলামত পাওয়া গেলে, কালক্ষেপণকারী পুলিশি তদন্ত-প্রক্রিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। অপরাধী সে ধর্ষক কিংবা হত্যাকারী কিংবা পিতৃত্বের পরিচয় গোপনকারী যেকোনো ধরনের ভয়ংকর ও দুর্ধর্ষ অপরাধী হোক না কেন—তাকে শতভাগ সন্দেহাতীতভাবে শনাক্ত করা যাবে এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে। এ জন্য সন্দেহভাজন অপরাধীদের ডিএনএর নমুনা ডেটা ব্যাংকে সংরক্ষণ করতে হবে।আমাদের দেশে পুলিশি তদন্তকাজে এ প্রথা এখনো চালু হয়নি। আজকে দেশব্যাপী ধর্ষণ ও খুনের মতো যেসব ভয়ংকর অপরাধের ‘মহোৎসব’ চলছে, তাতে এখন প্রতিটি এলাকায় সন্দেহভাজন অপরাধীদের ডিএনএ নমুনা ডেটা ব্যাংকে সংরক্ষণ করা একান্তই প্রয়োজন। রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে হত্যা ও ধর্ষণের ঘটনার পর বাধ্যতামূলকভাবে এই ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ থাকতে হবে।আমেরিকার ৪৩টি অঙ্গরাজ্যে এই ধরনের ডেটা ব্যাংকে সন্দেহভাজনদের ডিএনএ নমুনা সংরক্ষণ করা একটি আইনি বাধ্যবাধকতা। আশাপ্রদ ব্যাপার হলো, ১৯৮০ সালে ‘পলিমেরাজ শৃঙ্খল বিক্রিয়া’ (Polymerase Chain Reaction) উদ্ভাবনের পর এই প্রযুক্তির অভাবনীয় উন্নতি ঘটেছে। এখন অপরাধস্থলে কণা পরিমাণ ডিএনএ টিস্যু পাওয়া গেলেও এই ‘পলিমেরাজ এনজাইম’ দ্রবণে মিশিয়ে ‘ডাবল হেলিক্স’ প্রতিলিপি তৈরি করা আজ অনেক সহজ হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে ‘ডাবল হেলিক্স’ থেকে উৎপন্ন কম্পিউটারের পর্দায় ভেসে ওঠা বারকোড দেখে ম্যাচিং কাজটি সম্পন্ন করা হয়। আজকে যেটা প্রয়োজন সেটা হলো, এখন অপরাধ যেভাবে বেড়ে গেছে এবং অপরাধী যেভাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, সেটা নিয়ন্ত্রণের মধ্যে আনা এবং অপরাধীর শাস্তি বিধানের জন্য প্রতিটি বড় বড় শহরে ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন এবং প্রযুক্তিগত দিক দিয়ে এই ল্যাবরেটরিগুলো সমৃদ্ধ করা খুবই প্রয়োজন। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হলো আক্রান্ত কিংবা নিহত নারী কিংবা পুরুষের দেহ কিংবা পোশাক থেকে আক্রমণকারীর রক্ত, ঘাম, লালা, শুক্রকণা—যে আলামতেরই অস্তিত্ব পাওয়া যাক, তা অত্যন্ত দ্রুততার সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞের মাধ্যমে সংগ্রহ করে ডিএনএ ডেটা ব্যাংকে পাঠাতে হবে।সন্দেহভাজন দুর্বৃত্ত কিংবা আক্রমণকারী যদি হত্যা ও ধর্ষণের ঘটনার পর পালিয়ে থাকে কিংবা দেশ ত্যাগ করে, সে ক্ষেত্রে কয়েক যুগ পরও, যে মুহূর্তে তাকে পাওয়া যাবে, সে সময় তার রক্তের নমুনা নিয়ে ধর্ষিতা কিংবা নিহত ব্যক্তির দেহ ও পোশাক থেকে সংগৃহীত নমুনা ডেটা ব্যাংকে সংরক্ষিত ডিএনএর সঙ্গে ম্যাচিং করিয়ে তাকে শনাক্ত করা যাবে। অপরাধী শনাক্তকরণ ও শাস্তি বিধানের এমন বিস্ময়কর সাফল্য আমেরিকা ও ইউরোপের মতো উন্নত দেশগুলোতে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, নিহত ব্যক্তির ক্ষেত্রে এই নমুনা সংগ্রহের আগে কোনো আত্মীয়স্বজন ও বেদনাবিধুর বন্ধু ও সহকর্মী মৃত ব্যক্তিকে জড়িয়ে ধরে বিলাপ কিংবা মাতম করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মানুষের পদচারণ কিংবা ঘাঁটাঘাঁটিতে আলামত যাতে নষ্ট না হয়, সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিএনএ ডেটা পুলিশি তদন্তের অপরিহার্য অংশ হিসেবে গ্রহণের সঙ্গে সঙ্গে গণমাধ্যমে এই সতর্কবাণী প্রচার করতে হবে। ডিএনএ পরীক্ষা যাতে কোনোক্রমেই প্রশ্নবিদ্ধ না হয়, এ জন্য উন্নত দেশে প্রথম পরীক্ষায় ডিএনএ ম্যাচিং হলেও, সেটাই অব্যর্থ বলে ধরে নেওয়া হয় না। আরেকটি ল্যাবরেটরি থেকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে আদালতে এই প্রমাণ পেশ করা হয়।মো. আসাদ উল্লাহ খান: সাবেক অধ্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।