রাজধানীর গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেট আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি সত্যিই দুঃখজনক এবং একেবারেই অনভিপ্রেত। আগুনে দুই অংশে বিভক্ত মার্কেট ভবনটির ৬৩৪টি দোকানের অধিকাংশই পুড়ে গেছে। এ ছাড়া ধসে পড়েছে মার্কেটের একাংশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়া ও ভবন ধসে পড়ায় ব্যবসায়ীরা মনে করছেন, এটা নাশকতা। তাঁদের উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হয়ে থাকতে পারে। আসলে কী ঘটেছে, তা জানার জন্য ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে কমিটি প্রকৃত কারণ খুঁজে বের করবে সেটাই প্রত্যাশা।
তবে আগুন লাগার এ ঘটনা ফায়ার সার্ভিসের সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় আগুন নেভানোর কাজ শুরু হলেও তা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে প্রায় ১৫ ঘণ্টা। তবে ৩৬ ঘণ্টা পরও আগুন পুরোপুরি নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তারপরও কেন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেল না, তা খুঁজে বের করাও জরুরি। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো।
দুর্ঘটনা হোক বা ব্যবসায়ীদের দাবি অনুযায়ী নাশকতাই হোক, আগুন লাগার কারণে এই মার্কেটের ব্যবসায়ীরা কার্যত সর্বস্বান্ত হয়েছেন। এই ব্যবসায়ীদের ভবিষ্যৎ কী? কীভাবে তঁাদের এই ক্ষতি পূরণ হবে? গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এক সমাবেশ থেকে এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দোকান বরাদ্দ দিয়ে এরপর নির্মাণকাজ শুরুর আহ্বান জানান। ব্যবসায়ীদের এই আহ্বান ও দাবির বিষয়টিকে উপেক্ষা করার সুযোগ নেই।
আমরা মনে করি, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করতে হবে। ফায়ার সার্ভিসের দক্ষতা বাড়ানোর জন্য কার্যকর কী কী উদ্যোগ নেওয়া যায়, তা নিয়েও চিন্তাভাবনা জরুরি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেট পুড়ে গেছে। ব্যবসায়ীদের এই অভিযোগ তদন্তকারী দলের আমলে নেওয়া উচিত।