তেজগাঁওয়ের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করার সময় গত রোববার সেখানে যা ঘটল, তা এককথায় অগ্রহণযোগ্য। যে ট্রাকস্ট্যান্ডটি অবৈধভাবে দীর্ঘদিন ধরে রাস্তা ও রেলওয়ের জায়গা দখল করে রেখেছিল, সেটাকে সরিয়ে ফেলা হবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা রোববারের উচ্ছেদ অভিযান ছিল পূর্বঘোষিত ও নির্ধারিত। ফলে অবৈধ ট্রাকস্ট্যান্ড ও স্থাপনাগুলো সরানোর সময় সহিংসভাবে বাধা দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। শ্রমিকেরা হামলা চালিয়ে শুধু উচ্ছেদ কার্যক্রমই বন্ধ করেনি, এ ঘটনায় ঢাকা উত্তরের মেয়র প্রায় ঘণ্টা তিনেক কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
রাস্তা দখল, অবৈধ স্থাপনা, বাস ও ট্রাকস্ট্যান্ড—এসব ঢাকা শহরের একটি বড় সমস্যা। ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে ও যানজটমুক্ত করতে হলে পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করতে হবে। তেজগাঁওয়ের অবৈধ ট্রাকস্ট্যান্ডটি যে এই অঞ্চলের যানজট ও বিশৃঙ্খলার অন্যতম কারণ, তা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক নির্বাচনের আগে এটি সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ নিয়ে ট্রাকমালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা এবং ট্রাকস্ট্যান্ড সরিয়ে ফেলার সময়সীমাও কয়েক দফা বাড়ানো হয়েছে। এখন চূড়ান্তভাবে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের
সময় যখন বাধা এসেছে, তখন এটা স্পষ্ট যে স্বার্থান্বেষী মহল বিষয়টিকে মেনে নিতে পারছে না।
আমরা স্পষ্ট করে বলতে চাই, তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডটিকে সরাতেই হবে, কারণ শহরের মধ্যে এ ধরনের অবৈধ ট্রাকস্ট্যান্ড থাকার সুযোগ নেই। তবে অবৈধভাবে হলেও দীর্ঘদিন ধরে যে ট্রাকস্ট্যান্ডটি এখানে রয়েছে, তার বিকল্প ব্যবস্থা কী হতে পারে, সেটাও বিবেচনার বিষয়। ফলে আলাপ-আলোচনার মাধ্যমেই এর সুরাহা কাম্য। একই সঙ্গে আমরা আশা করি, ট্রাকমালিক ও শ্রমিকেরা এই বাস্তবতা মেনে নেবেন যে ট্রাকস্ট্যান্ডের নামে কোনোভাবেই রাস্তা দখল করে রাখা যাবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তার অবস্থানে অটল থেকে তেজগাঁওয়ের রাস্তা ট্রাকমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেবে, সেটাই প্রত্যাশিত।