ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন না ঘটা খুবই দুঃখজনক। প্রথম আলোর খবর অনুযায়ী, ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ২০১৬ সালের মধ্যে তাঁর এলাকাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু, ১০০টি আধুনিক গণশৌচাগার নির্মাণ, অনুমতি ছাড়া ব্যানার-ফেস্টুন লাগানো নিষিদ্ধকরণ, এলইডি বাতি লাগানো, দখলমুক্ত সড়ক নিশ্চিত করা, পরিচ্ছন্নতা-বিষয়ক অভিযোগ গ্রহণের জন্য হটলাইন খোলার ঘোষণা দেন।
কিন্তু এসবের মধ্যে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন অপসারণ ছাড়া ডিএসসিসি আর কোনো ক্ষেত্রেই তেমন সফলতা দেখাতে পারেনি। বাসাবাড়ি থেকে আনা ময়লা অস্থায়ীভাবে রাখার জন্য বিভিন্ন এলাকায় ২৬টি অস্থায়ী ময়লা রাখার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কথা ছিল। কিন্তু ডিএসসিসি নির্মাণ করতে পেরেছে মাত্র একটি৷ ১০০টি গণশৌচাগার নির্মাণের কথা থাকলেও এক বছরে মাত্র আটটি নির্মিত হয়েছে। পরিচ্ছন্নতা-বিষয়ক অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন খোলার কথা থাকলেও গত এক বছরে কোনো নির্দিষ্ট নম্বর জনগণকে জানাতে পারেনি ডিএসসিসি কর্তৃপক্ষ।
নির্বাচিত হওয়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা একই সময়ে দায়িত্ব নেন। কিন্তু পরিষ্কার–পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে উত্তরে কিছু কাজ হলেও দক্ষিণ অনেকটাই প্রদীপের পাশে অন্ধকার। অথচ দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু করাটা খুব জরুরি ছিল। কেননা, দক্ষিণের এলাকাগুলো ঘনবসতিপূর্ণ এবং সেখানে বর্জ্যও উৎপাদিত হয় বেশি। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার–পরিচ্ছন্নতার ক্ষেত্রে উত্তর ও দক্ষিণের মধ্যে ব্যবধান স্পষ্ট। এটা কোনোভাবেই কাম্য নয়।
নগরবিদদের মতে, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া এমন ঘোষণায় কোনো কাজ হয় না। এ ধরনের কাজ হাতে নেওয়ার আগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে৷ কিন্তু ডিএসসিসির মেয়র এ ক্ষেত্রে কোনো পরিকল্পনা নিয়েছেন বলে জানা যায় না। নতুন বছর শুরু হয়েছে। আমরা আশা করছি ডিএসসিসির মেয়র এ বছর পরিকল্পনা অনুযায়ী নাগরিক সেবা ও জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবেন।