ডিজিটাল নিরাপত্তা আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করার খবরটি কোনোভাবেই সংবাদমাধ্যমের অংশীজনদের আশ্বস্ত করবে না। কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও সংবাদমাধ্যমে যেসব তথ্য এসেছে, তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদনের পর বিভিন্ন মহল থেকে এর সমালোচনা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, তথ্যপ্রযুক্তি আইনের যে ৫৭ ধারা নিয়ে সংবাদমাধ্যমের অংশীজনেরা সমালোচনা করে আসছিলেন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনটি তার চেয়েও কঠোর। বিভিন্ন মহলের সমালোচনার মুখে আইনমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়—এমন কোনো ধারা ডিজিটাল নিরাপত্তা আইনে থাকবে না। এমনকি সংসদীয় কমিটির বৈঠকেও প্রায় নজিরবিহীনভাবে সংবাদমাধ্যমের অংশীজনদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের আপত্তি ও সুপারিশ শোনা হয়েছিল।

আমরা স্বাভাবিকভাবেই আশা করেছিলাম, ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব ধারা নিয়ে তাঁরা আপত্তি জানিয়েছিলেন, সেগুলো বাতিল করা হবে। কিন্তু সংসদীয় কমিটি প্রণীত প্রতিবেদনে যেসব পরিবর্তন বা সংশোধন আনা হয়েছে, তাতে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ এখনো রয়ে গেছে। অংশীজনদের বড় আপত্তি ছিল কোনো সাংবাদিক বিনা অনুমতিতে সরকারি তথ্য সংগ্রহ করলে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা করার বিধানটির ব্যাপারে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম,  চূড়ান্ত প্রতিবেদনে সেটি বাতিল করা হয়নি। বলা হয়েছে, এ ক্ষেত্রে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসরণ করা হবে। ব্রিটিশ আমলে প্রণীত এই আইনটির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন আছে। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় তথ্য অধিকার আইন পাসের পরও সরকারি তথ্য সহজে পাওয়ার উপায় নিশ্চিত করা হয়নি। 

এ অবস্থায় নতুন আইনটিতে উল্লিখিত ধারা বহাল রাখার অর্থ হলো সংবাদমাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার পাশাপাশি সরকারের তথ্য আড়াল করাকে উৎসাহিত করা। তথ্যটি কোন উৎস থেকে পাওয়া গেল, সেটি দেখা সরকারের দায়িত্ব নয়। তারা দেখবে তথ্যটি সঠিক কি না। কোনো সংবাদমাধ্যম অসত্য তথ্য প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান আছে। অতএব, যে মোড়কেই হোক না কেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গুপ্তচরবৃত্তির ধারাটি রাখার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।

চূড়ান্ত প্রতিবেদনে প্রস্তাবিত আইনের ২১ ধারায় মুক্তিযুদ্ধের চেতনার সংজ্ঞা যুক্ত করা, ২১ ধারায় মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচারের সঙ্গে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত অবমাননার বিষয় যুক্ত করা, ২১ ধারায় সাজা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে ১৪ বছর কারাদণ্ড করা, বিলের ৫ নম্বর ধারায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির একজন মহাপরিচালকের সঙ্গে দুজন পরিচালক যুক্ত করা, ১২ ধারায় জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একজন প্রতিনিধি রাখা (তথ্য মন্ত্রণালয় এই প্রতিনিধি নির্ধারণ করবে) আইনের মৌল চরিত্রে কোনো পরিবর্তন আনবে না।

আমরা মনে করি, আইনের চূড়ান্ত খসড়াটিসংসদে উত্থাপনের আগে আবারও চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে। ইতিপূর্বে মন্ত্রীরা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, চূড়ান্ত খসড়ায় তার যথাযথ প্রতিফলন ঘটেনি। সংসদীয় কমিটি প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ক্ষেত্রে সংজ্ঞা নির্দিষ্ট করাসহ ১৬টি ক্ষেত্রে সংশোধনী এনেছে বলে দাবি করা হয়েছে। কিন্তু তার কোনোটিতেই সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায় বা বাধাগুলো দূর করার কোনো লক্ষণ নেই।

অতএব, নির্বাচন সামনে রেখে তাড়াহুড়া করে আইনটি পাস করার অর্থ হবে অতীতের ভুল শোধরাতে গিয়ে নতুন ভুলে পা দেওয়া, যা সরকার কিংবা সংবাদমাধ্যম কারোরই কল্যাণে আসবে না।