ডিপিডিসির স্বেচ্ছাচারিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর খবর থেকে জানা যায়, ২০০৮ সালের জুন মাসে ডেসা বিলুপ্ত করে সরকারি খাতে কোম্পানি আইনের অধীনে গঠন করা হয় ডিপিডিসি। এর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভেঙে ডেসা গঠন করা হয়েছিল। ডিপিডিসি গঠন করার সময় ডেসার সব নিয়মিত কর্মকর্তা-কর্মচারীকে সেখানে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ছিল। সে সময় নামমাত্র মৌখিক পরীক্ষা নিয়ে প্রায় সাত হাজার লোককে চাকরি দেওয়া হলেও ৫৭০ জন কর্মকর্তা-কর্মচারীকে নেওয়া হয়নি, যাঁদের মধ্যে ৩০ জন প্রকৌশলী ছিলেন। অথচ ডিপিডিসির অনেক পদ খালি আছে।

ডিপিডিসি থেকে নাকি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সরকার তাঁকে বসে বসে বেতন দেবে নাকি দ্রুত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে? এ ব্যাপারে ডিপিডিসির সচিব ‘এসব কর্মকর্তা-কর্মচারী বিষয়ে কাজ করা হচ্ছে’ বলে যে সাফাই গেয়েছেন, তা–ও অগ্রহণযোগ্য।

যেখানে ডিপিডিসিতে অনেক পদ শূন্য আছে, সেখানে ডেসার এই সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আত্তীকরণ না করার কী কারণ থাকতে পারে? ডিপিডিসি কিংবা মন্ত্রণালয় তাঁদের এভাবে বছরের পর বছর অনিশ্চয়তা ও অমর্যাদাকর অবস্থায় ফেলে রাখতে পারে না।  তাঁরাও কাজ না করে বেতন নিতে চান না। তাঁদের মধ্যে ছয়জন আদালতের রায় নিয়ে ডিপিডিসিতে যোগ দিয়েছেন। আরও ১২৭ জনকে আত্তীকরণ করার জন্য মন্ত্রণালয় সুপারিশ করে ডিপিডিসির কাছে পাঠানো হলেও কোনো সিদ্ধান্ত না নেওয়া দুর্ভাগ্যজনক। কোনো প্রতিষ্ঠানই নিজের খেয়ালখুশিমতো চলতে পারে না।

অবিলম্বে ডেসার সাবেক ৫৭০ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।