বাংলাদেশের ঐতিহ্যবাহী উপজেলা পটিয়া। পেয়ারা চাষের জন্য বিখ্যাত এই অঞ্চলটির অবস্থান কর্ণফুলী নদীর তীর ঘেঁষে। পটিয়ার ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে ঢাকা-চট্টগ্রাম-টেকনাফ-মিয়ানমার সড়ক, যা এশিয়ান হাইওয়ে হিসেবে পরিচিত। অচিরেই এই অঞ্চলে এশিয়ান রেলওয়ে ও ডিপ সি পোর্ট নির্মিত হবে। পটিয়া উপজেলায় ছোট-বড় সাত হাজার ১১২টি শিল্পকারখানা গড়ে উঠেছে। নির্মিত হয়েছে দেশের বৃহত্তম কোরিয়ান ইপিজেড। শিল্পপ্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তিবিদের অভাবে হুমকির সম্মুখীন। অর্ধেকেরও বেশি শিল্প রুগ্ণ হয়ে মারা গেছে। পণ্যভিত্তিক ডিপ্লোমা প্রযুক্তিবিদের অভাবে কোরিয়ান ইপিজেডে এই বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন না। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন তথা শিল্পের প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে একটি ডিপ্লোমা শিক্ষা বোর্ড নির্মাণ করা হলে সমাজসেবক, রাজনীতিবিদ, শিল্পপতি ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ উদ্যোগে তাঁত, লেদার, টেক্সটাইল, মোবাইল, চশমা, জেনারেটর, এয়ারকন্ডিশন, সিরামিকস, গ্লাস, মেডিকেল ও ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, অটোমোবাইল, মেরিন, কেমিক্যাল, ফিশারিজ, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবট তৈরি, অস্ত্র তৈরি প্রভৃতি বিষয়ের ওপর ডিপ্লোমা ইনস্টিটিউট নির্মাণ করতে পারবেন। এসএসসি পাস তরুণেরা এসব প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শিক্ষা নিয়ে মৃতপ্রায় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে পারবে। এতে দেশের বেকার সমস্যাও দূর হবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এ জন্য চট্টগ্রামে একটি সম্মিলিত ডিপ্লোমা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট সবার অতি অনুরোধ জানাচ্ছি। মিথুন দাশ, পটিয়া, চট্টগ্রাম।