
কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়কালে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাত সদস্যের আটক হওয়ার ঘটনা উদ্বেগজনক বললেও কম বলা হয়। কথিত অপরাধী ধরার নামে যদি একটি ঘটনায় গোয়েন্দা পুলিশের দুজন উপপরিদর্শক (এসআই), তিনজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুজন কনস্টেবল একযোগে একজন ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা রাখার কোনো কারণ আছে বলে মনে করি না।
আলোচ্য ঘটনায় অপহৃত ব্যবসায়ীর বড় ভাই মো. মনিরুজ্জামান, যিনি টেকনাফ পৌরসভার কাউন্সিলরও, মুক্তিপণের ১৭ লাখ টাকা দেওয়ার আগে বিষয়টি নিরাপত্তা বাহিনীকে জানিয়ে রাখেন এবং আটক ব্যবসায়ী ছাড়া পাওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযুক্ত ডিবি সদস্যদের আটক করে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ডিবি সদস্যদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনাকে বিচ্ছিন্ন ভাবার কারণ নেই। এ রকম মুক্তিপণের অর্থ আদায়ের জন্য নিরীহ মানুষ গুম ও অপহৃত হওয়ার খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হয়। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার মুক্তিপণ দিয়ে অপহৃত ব্যক্তিকে ছাড়িয়ে নেয়। আইনানুগ কোনো কর্তৃপক্ষকে জানাতেও সাহস পায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় কোনো বাহিনীর নাম ভাঙিয়ে কেউ এসব করে থাকতে পারে। তাদের সেই দাবি যে সর্বৈব সত্য নয়, টেকনাফে ব্যবসায়ী অপহরণের ঘটনাই তার প্রমাণ। আর পেশাদার সন্ত্রাসী কিংবা অন্য কোনো চক্রের দ্বারাও যদি কেউ অপহৃত হয়ে থাকেন, তার দায় পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। জনগণের জান ও মালের নিরাপত্তা দেওয়াই তাদের দায়িত্ব।
টেকনাফের ঘটনা এই সত্যই আমাদের সামনে তুলে ধরে যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর কতিপয় সদস্য রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় নেমেছেন। এর আগে পুলিশ বিভাগের বহু সদস্য হাতেনাতে ধরা পড়লেও খুব কম ক্ষেত্রেই তাঁদের শাস্তি হয়েছে। তদন্তের নামে বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে তদন্তকাজেও অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। এসব চলতে দেওয়া যায় না। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি দাবি করছি। একই সঙ্গে অতীতের সব অপহরণ ও গুমের ঘটনার তদন্ত করে জনসমক্ষে তা প্রকাশ করা হোক। সমস্যা হচ্ছে, কোনো বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগের বিভাগীয় তদন্তের ওপর আস্থা রাখা কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে পৃথক শক্তিশালী ও স্বাধীন তদন্ত কমিশন গঠন করার কোনো বিকল্প নেই। বাহিনীগুলোর ভাবমূর্তি রক্ষা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা ও স্বস্তির স্বার্থে এ ধরনের কমিশন করতেই হবে।