প্রতিবছরই মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা তথা ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলন হয়ে থাকে। কিন্তু এবারের সম্মেলনটি এ কারণে তাৎপর্যপূর্ণ যে বর্তমান সরকারের আমলে এটিই শেষ সম্মেলন। আর এমন সময় ডিসিদের সম্মেলন হলো, যখন তিন সিটি করপোরেশনে নির্বাচনের প্রস্তুতি চলছে। এর আগে অনুষ্ঠিত খুলনা ও গাজীপুরে সিটি করপোরেশন নির্বাচনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বছরের শেষে জাতীয় নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
ডিসিদের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী ২৩ দফা নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে নাগরিকদের সর্বোচ্চ সরকারি সেবা নিশ্চিত করা, সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, শিল্পাঞ্চলে শান্তি রক্ষা, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি নির্বিঘ্ন করা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করা অগ্রাধিকার পেয়েছে। তিনি বলেছেন, ‘এখানে আমি বলতে চাই, বিনা দ্বিধায় আপনারা এ টেন্ডারবাজি, পেশিশক্তি, সন্ত্রাস এবং মাদক নির্মূল করবেন। এখানে কে কোন দল করে, কে কী করে সেগুলো দেখার কোনো দরকার নেই।’
এর মাধ্যমে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের যে বার্তাটি দিয়েছেন, তাঁর দলের নেতা-কর্মীরা কোনো অন্যায় করলেও যেন ছাড় না দেওয়া হয়। আমাদের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সরকারি দলের বাইরের কারও পক্ষে টেন্ডারবাজি, পেশিশক্তি প্রদর্শন করা সম্ভব নয়। প্রতিদিন গণমাধ্যমও
সেই সাক্ষ্য দেয়। অনেক সময় মাঠপর্যায়ের কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পান। প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্যের পর তাঁরা কর্তব্য পালনে পিছপা হবেন না আশা করি। তবে এ ক্ষেত্রে যাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্ব বাধা না হয়ে দাঁড়ায়, সেই বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন। অতীতে সরকারি দলের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অনেক কর্মকর্তা নাজেহাল হয়েছেন। ডিসিরা হয়তো প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তাঁদের আরজি জানাতে পারেন। কিন্তু তাঁদের অধীন উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সেই সুযোগ নেই।
জনপ্রশাসন তখনই সর্বোচ্চ সেবা দিতে পারে, যখন কর্মকর্তারা দলমত-নির্বিশেষে সবার প্রতি সমান দৃষ্টি দিতে পারেন। দলমত-নির্বিশেষে সবার সেবাই জনপ্রশাসনের দায়িত্ব। সরকারি কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে সদ্ভাব রেখে কাজ করবেন। কিন্তু এর অর্থ এই নয় যে তাঁদের বেআইনি হস্তক্ষেপ মেনে নিতে হবে।
একই সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার বিব্রত হয়, এমন কোনো কাজ না করার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করাই মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব এবং সেটি পালন না করলে আইনানুযায়ী সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু বাস্তবে স্থানীয় পর্যায়ে সরকারি দলের নেতা-কর্মীদের আচরণে তাঁরাই বেশি বিব্রত হয়ে থাকেন, আগৈলঝাড়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে দায়ের করা অসত্য মামলাই তার প্রমাণ। অতএব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি কর্মকর্তাদের আচরণ নিয়ে বেশি উদ্বিগ্ন না থেকে দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের খামোশ করলে সরকার ও সরকারি কর্মকর্তা উভয়ই বিব্রত হওয়ার হাত থেকে রেহাই পান।
এই সম্মেলনে ডিসিদের পক্ষ থেকেও প্রস্তাব আকারে ২৩টি অনুরোধ রাখা হয়েছে সরকারের কাছে, যার মধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানো থেকে শুরু করে আইনগত কিছু জটিলতা নিরসনের কথাও বলা হয়েছে। সেগুলোরও যৌক্তিক সমাধান প্রয়োজন। সবশেষে একটি বার্ষিক সম্মেলনে যেসব নির্দেশনা দেওয়া হয়, পরবর্তী এক বছরে তা কতটা বাস্তবায়িত হলো, সেটি জনগণকে জানানো হোক।