মতিঝিল এজিবি কলোনির সড়ক দখল করে আবারও অবৈধ দোকানপাট বসানো হয়েছে। গত মার্চ মাস থেকে পাঁচবার এই দোকানপাট উচ্ছেদ করার পরও কাজ হচ্ছে না। প্রভাবশালী ব্যক্তিরা আবারও সেখানে অবৈধ স্থাপনা তৈরি করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) যেন এদের সামনে অসহায়! ওই জায়গায় আবার যেন অবৈধ দোকানপাট বসতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি করার জন্য ডিসিসিকে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, সেখানে ডিসিসির কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। ফলে যা হওয়ার তা–ই হয়েছে। আবার এর আগে দোকান উচ্ছেদ করার পরও সড়ক চওড়া করা হয়নি।
জনবহুল এই ঢাকা নগরে এমনিতেই মানুষের চলাচলের রাস্তা কম। তার ওপর যদি এভাবে রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসানো হয়, তাহলে মানুষের চলাচল আরও কষ্টকর হয়ে ওঠে। যানজটে স্থবির হয়ে পড়ে শহর। ঢাকা নগরের যানজট সমস্যা দূর করতে হলে যেসব পদক্ষেপ জরুরি ভিত্তিতে নেওয়া প্রয়োজন, তার একটি অন্যতম দিক হচ্ছে রাস্তাকে অবৈধ দখলদারি মুক্ত করা। এটা করতে না পারলে নগরের যানজট কমানো বা নগরবাসীর চলাচলে শৃঙ্খলা আনার বিষয়টি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে।
শুধু এজিবি কলোনিই নয়, ঢাকা শহরের অনেক জায়গাতেই এ রকম রাস্তার ওপর অবৈধ দোকানপাট বা অস্থায়ী বাজার বসানো হচ্ছে। সাধারণত স্থানীয় প্রভাবশালী ও সরকারদলীয় লোকেরা এ কাজ করে থাকেন। তাঁরা সেই দোকানপাট থেকে চাঁদা তোলেন। ফলে পুরো ব্যাপারটাই অবৈধ। কিন্তু প্রশাসনের চোখের সামনে এ কাজ হচ্ছে। সিটি করপোরেশন প্রতি এলাকাতেই বাজারের জায়গা নির্দিষ্ট করে দিয়েছে। এর বাইরে বাজার বসানো যাবে না—এ ব্যাপারে সিটি করপোরেশনকে কঠোর থাকতে হবে। কিন্তু তারা যে কিছু করতে পারছে না, এজিবি কলোনির এই ঘটনা থেকেই তা স্পষ্ট।
এজিবি কলোনির অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে আদালতের নির্দেশ যদি ডিসিসি রক্ষা করতে না পারে, তবে তো প্রতিষ্ঠানটির সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলতে হয়। প্রশ্ন হচ্ছে, ডিসিসি কি ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে, নাকি সরষের মধ্যেই ভূত রয়েছে?