ডিসিসি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বলে গতকাল প্রথম আলোয় খবর প্রকাশিত হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের সচিব এ ব্যাপারে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই খবর ঢাকাবাসীর মনে আশাবাদ সৃষ্টি করবে কি না, তা নির্ভর করছে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরবর্তী কার্যক্রমের ওপর।২০১১ সালে জনগণের আপত্তির মুখে সরকার যখন ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণে ভাগ করে, তখন যুক্তি দেওয়া হয়েছিল, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্যই এটি করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধি থাকলে অন্তত তাঁদের কাছে অভাব-অভিযোগ জানানো যেত। এখন সেই উপায়ও নেই। সরকার দুই সিটি করপোরেশনে দুজন অনির্বাচিত প্রশাসক চাপিয়ে দিয়েছে, যা তাদের স্থানীয় সরকার শক্তিশালী করার নির্বাচনী প্রতিশ্রুতির পরিপন্থী। যেই সরকার অনির্বাচিত এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে, সেই সরকার কীভাবে দেশের বৃহত্তম দুটি সিটি করপোরেশনে অনির্বাচিত প্রশাসক দিয়ে পরিচালনা করে?ইতিমধ্যে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ ও সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণ করেই নির্বাচন করতে হবে। প্রথম দফায় আদালত ছয় মাসের স্থগিতাদেশ জারি করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। ফলে আদালত দ্বিতীয় দফায় আরও ছয় মাসের জন্য স্থগিতাদেশ জারি করেন। নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেই চুপচাপ বসে আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বলেছেন, ‘আইনি জটিলতার নিষ্পত্তিতে সরকার ও কমিশন একসঙ্গে কাজ করবে। আমরা আদালতে বিদ্যমান সীমানাতেই নির্বাচন করার কথা জানাব।’ বিদ্যমান সীমানায় নির্বাচন করাই যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্দেশ্য হয়, তা হলে এই সিদ্ধান্ত তারা আগে নিল না কেন? পূর্ববর্তী নির্বাচন কমিশন এ ব্যাপারে বারবার তাগাদা দিয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঘুম ভাঙাতে পারেনি। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের মার্চ মাসে। এখন ২০১২ সালও শেষ হতে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে নির্বাচন না হওয়ায় ঢাকাবাসী নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।আমরা আশা করব, ১৬ জানুয়ারি পর্যন্ত আদালতের যে স্থগিতাদেশ আছে, তার আগেই স্থানীয় সরকার ওয়ার্ডের সীমানা নির্ধারণের কাজটি শেষ করবে। অন্যথায় ইতিহাসের কাছে তাদের দায়ী থাকতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তাও গ্রহণযোগ্য নয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেই তারা দায়িত্ব শেষ করতে পারে না। আদালতের নির্দেশ অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ এবং ভোটার তালিকা হালনাগাদ করার পরই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকলে তা দূর করার দায়িত্বও নিতে হবে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে।