ডিসেম্বরের লাল দাগ পেরোনো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পরিবেশবাদী পাঁচ সংগঠন আগামী ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের ১৫৪টি ট্যানারি সাভারে স্থানান্তরে ব্যর্থদের কারখানা বন্ধ করে দেওয়া এবং তাদের প্লটের বরাদ্দ বাতিলের দাবি করেছে। গত শুক্রবার ওই পাঁচ পরিবেশবাদী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা সাভারের চামড়া শিল্পনগর পরিদর্শন করেন।

গত জুলাই মাসে উচ্চ আদালতও ট্যানারি স্থানান্তরে বিলম্বকারীদের জরিমানার নির্দেশ দেন। জুন মাসেই ট্যানারি মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল, ঈদুল আজহার আগেই, অর্থাৎ আগস্টেই কারখানাগুলো সাভারে সরিয়ে নেওয়া হবে। কিন্তু বারবারই তারা টালবাহানা করে চলেছে।

প্রথমআলোর শনিবারের প্রতিবেদন দুই ধরনের সমস্যার কথা জানাচ্ছে। একদিকে জমির দলিল ট্যানারি মালিকদের কাছে হস্তান্তরিত না হওয়া, সিটিইপি নির্মিত হলেও বর্জ্য পরিশোধনের আরও একটি যন্ত্র বসানোর কাজ এবং কঠিন বর্জ্য ফেলার ভাগাড়ও নির্মিত না হওয়ার যুক্তি দিচ্ছে মালিকপক্ষ। সরকারের তরফে বলা হচ্ছে, বর্জ্য পরিশোধন–ব্যবস্থা চালু অবস্থায় আছে। কঠিন বর্জ্যও আপাতত আমিনবাজারের ভাগাড়ে ফেলা সম্ভব। তাহলে আর গড়িমসির কারণ কী? ট্যানারিগুলোর নিজস্ব অবকাঠামো নির্মাণে ব্যাংকঋণের জন্য জমির দলিল হস্তান্তর করা উচিত সরকারের পক্ষ থেকে। সব বিচারে পরিবেশবাদী সংগঠনগুলো ডিসেম্বরের যে সময়সীমা দাবি করেছে, সে ব্যাপারে সরকার ও চামড়াশিল্পের কর্ণধার উভয়েরই রাজি হওয়া উচিত। উদ্যোক্তাদের সবাইকে এ ব্যাপারে প্রস্তুত করার দায় তাঁদের নেতাদের। নতুবা যাঁরা যাবেন না, তাঁদের শাস্তি পেতে হবে। ইতিমধ্যে আদালত বিলম্বকারীদের প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দিয়ে রেখেছেন। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের উচিত এই রপ্তানিমুখী শিল্পকে গতিশীল রাখতে সমস্যাগুলোর ব্যাপারে আন্তরিক কিন্তু সমাধানের ব্যাপারে কঠোর হওয়া।

রাজধানীর বুড়িগঙ্গা নদীর দূষণ এবং হাজারীবাগ এলাকার জনস্বাস্থ্যের হুমকি এই দেড় শতাধিক ট্যানারিশিল্প স্থানান্তরে যত দেরি হবে, ততই ধুঁকবে এই নদী, এই শহর এবং এর মানুষেরা।