ডিসেম্বরের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন এক সহকর্মী আমাকে জিজ্ঞেস করলেন, ‘তাহলে, আপনি একাত্তরের ডিসেম্বরে কী করছিলেন?’প্রতিবছর ডিসেম্বর মাস এলে (মার্চ মাসেও তাই) আমার মনে পড়ে ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ের উজ্জ্বল স্মৃতি। আমি তখন অক্সফামের শরণার্থী ত্রাণ কর্মসূচির দায়িত্বে। আমাদের কর্মসূচির আওতায় ছিল পাঁচ লাখ শরণার্থী। যেসব শিবিরে আমরা কাজ করছিলাম, তার অনেকগুলোই ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার বেশ ঠান্ডা এলাকায়। তাই শীতের সূচনা আমাদের খুব উদ্বিগ্ন করে তুলেছিল। শরণার্থী শিবিরে গরম কাপড় ও কম্বল পৌঁছে দেওয়া বেশ মুশকিল হয়ে পড়েছিল। নভেম্বরে ও ডিসেম্বরের প্রথম দিকে সীমান্তবর্তী সড়কগুলো ব্যস্ত থাকত ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধসরঞ্জাম বহন করার কাজে। আমরা কখনো কখনো পুরোনো এক ডাকোটা বিমান ব্যবহার করে কলকাতা থেকে এসব মালামাল নিয়ে যেতাম কোচবিহার ও পশ্চিম দিনাজপুরে। কিন্তু এতে খরচ পড়ত অনেক। আমরা আশা করেছিলাম, অক্সফাম-আমেরিকার কাছ থেকে ডিসেম্বরের শুরুতে প্রায় নয় লাখ ডলারের চিকিৎসাসামগ্রী বোঝাই একটি চার্টার্ড বিমান পাব। ভারত থেকে এই চিকিৎসাসামগ্রী পাওয়া কঠিন ছিল। কিন্তু সে সময় ভারতের সঙ্গে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ায় একেবারে শেষ মুহূর্তে বিমানটিকে মাদ্রাজে নিয়ে যাওয়া হয়। এতে আমাদের সেসব ত্রাণসামগ্রী কাস্টমস পার করে সড়কপথে কলকাতায় আনতে হয়েছিল।কয়েক দিন যুদ্ধ চলার পর এক সন্ধ্যায় আমি নিউ কেনিলওয়ার্থ হোটেলের লনে বসে সারা দিনের কঠোর পরিশ্রমের পর এক বোতল বিয়ার পান করছিলাম। তখন রেডিও চ্যানেল ঘোরাতে ঘোরাতে পাকিস্তান রেডিওর ইংরেজি খবরে চলে এলাম। তখন প্রপাগান্ডা মেশিনটিতে বলা হলো, পাকিস্তানি বিমান বাহিনী কলকাতা টেলিফোন এক্সচেঞ্জে সরাসরি আঘাত হেনেছে আর হুগলি সেতু ভেঙে হুগলি নদীতে ভাসিয়ে দিয়েছে। আমার মনে পড়ছে, ৭ ডিসেম্বর আমরা জানলাম, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী যাতে পাকিস্তানকে পরাজিত করতে না পারে, সেই চেষ্টার অংশ হিসেবে এটা করা হয়েছিল। এই খবর আমাদের শঙ্কিত করল। আনুষ্ঠানিকভাবে বলা হলো, ঢাকায় আটকে পড়া অল্প কয়েকজন মার্কিন নাগরিককে স্থানান্তর করতে সেই বিশাল নৌবহর (যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিধর নৌবহর) বঙ্গোপসাগরে পাঠানো হচ্ছে। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল সবার কাছেই পরিষ্কার। শরণার্থী শিবিরে আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন এক মার্কিন চিকিৎসক। তাঁর কথা মনে পড়ছে। সপ্তম নৌবহরের বঙ্গোপসাগর যাত্রার কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। যুদ্ধ যত তীব্রতর হচ্ছিল, ততই শরণার্থী শিবিরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি আমার সহকর্মীদের নিরাপত্তার বিষয়টিও আমাকে ভাবতে হচ্ছিল। কলকাতা ও বোম্বে মেডিকেল কলেজের তরুণ চিকিৎসক আর উড়িষ্যা ও গুজরাটের গান্ধীবাদী কর্মীদের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই প্রত্যাহার করে নিতে হয়েছিল।ভারতের সঙ্গে পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ার শুরুতেই আমরা নিশ্চিত ছিলাম, খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে, আর বাংলাদেশ স্বাধীন হবে। শিগগিরই আমাদের ত্রাণ ও পুনর্বাসনের অনেক বড় কাজে নামতে হবে—এ ব্যাপারেও আমরা সচেতন ছিলাম। তাই তখনই আমরা হিসাব-নিকাশ করছিলাম, কী ধরনের সহায়তা অক্সফাম দিতে পারে আর কোন কোন সংস্থার সহায়তায় আমরা কাজ করতে পারি। ডিসেম্বর মাসে আমার পাঠানো এক টেলেক্সে দেখা যাচ্ছে, কেউ কেউ ধারণা করছিলেন, বাংলাদেশে প্রতি মাসে প্রায় পাঁচ লাখ টন চাল দরকার হবে। তা ছাড়া এক হাজার ট্রাক, ৫০০ বাস এবং পাকিস্তানি বাহিনীর ধ্বংস করে দেওয়া বসতি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় বাঁশ ও নানা উপকরণ তাৎক্ষণিকভাবে লাগবে। ব্র্যাকের একেবারে প্রথম দিককার দাতাদের অন্যতম অক্সফাম। ব্র্যাক তো আজ বিশ্বের সর্ববৃহৎ এনজিও। আরেকটি বড় এনজিও গণস্বাস্থ্য কেন্দ্রেরও প্রথম দিকের কাজকর্মে অক্সফাম সহায়তা করেছিল।এ ছাড়া আমরা ট্রাকবাহী তিনটি ফেরি কিনেছিলাম এবং আরও কয়েকটি মেরামতে সহায়তা করেছিলাম। আমার মনে পড়ছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের শহীদদের নামে এসব ফেরির নামকরণ করতে চেয়েছিল। কিন্তু এ দেশের গাছপালা-পশুপাখি আর এই মাটির কাব্য ও সংগীতের সঙ্গে কীভাবে এরা মিশে আছে তা জানার অভিজ্ঞতা থেকে আমরা ফেরিগুলোর নামকরণ ফুলের নামে করার জন্য অনুরোধ করি। আর তাই ফেরিগুলোর নামকরণ করা হয় কামিনী, কস্তুরি ও করবী। গোয়ালন্দে আজও সেসব ফেরি চালু আছে। পেরিয়ে গেছে ৩৮ বছর।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শরণার্থীরা দেশে ফিরতে শুরু করে। তখন শরণার্থী শিবিরকেন্দ্রিক আমাদের কাজ গুছিয়ে শেষ করতে হয়েছে। ১৯৭২ সালের ফেব্রুয়ারির একদিন পার্ক সার্কাসে অক্সফামের অফিসে কাজ করছিলাম। আমাকে বাইরে আসতে বলা হলো। বেরিয়ে এসে দেখলাম, বাগানে অপেক্ষা করছে প্রায় ৩০০ মানুষ। ভেবেছিলাম তারা তাদের দুঃখ-দুর্দশার কথা বলতে এসেছে। কিন্তু দ্রুতই বুঝতে পারলাম তাদের আগমনের আসল উদ্দেশ্য। তারা এসেছে দিগবাড়িয়া শিবির থেকে। বাতিল সুতা দিয়ে তারা কিছু ফুল বানিয়েছে। বাঁশের তৈরি ফুলদানিতে করে সেগুলো তারা আমাকে উপহার দিল। অক্সফামের প্রতি তাদের কৃতজ্ঞতার নিদর্শন। ইংরেজি থেকে অনূদিতজুলিয়ান ফ্রান্সিস: ব্রিটিশ উন্নয়নকর্মী; মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে জড়িয়ে আছেন। বর্তমানে চরাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচনে কাজ করছেন।[email protected]