ডুয়েট ক্যাম্পাস বাড়ানোর দাবি যৌক্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্ররা দাবি আদায়ে ও কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে তাঁদের গাজীপুরের ক্যাম্পাস থেকে ঢাকা পর্যন্ত লংমার্চ করেছেন। দাবি আদায়ে এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের রেওয়াজই চর্চিত হওয়া উচিত। সেখানকার শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসের সম্প্রসারণ এবং সে জন্য ভূমি অধিগ্রহণ। শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। তবে এই দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের যে কর্মসূচি পালন করে যাচ্ছেন, তা সমর্থনযোগ্য নয়। শিক্ষার্থীদের বক্তব্য হচ্ছে, দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় ডুয়েট ক্যাম্পাসে ভূমির পরিমাণ কম হওয়ায় আবাসনসংকট ও ক্লাসরুমের স্বল্পতাসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, সন্দেহ নেই। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভূমি বাড়ানো হোক, সেখানকার আবাসিক সমস্যা ও ক্লাসরুমের সমস্যা দূর হোক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ অবকাঠামো গড়ে উঠুক—এ ধরনের দাবির সঙ্গে আমরাও একমত। তবে সব কিছুই যেহেতু শিক্ষার স্বার্থে, তাই শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি গ্রহণের সুযোগ নেই।দাবি আদায়ে গত ১৬ মে থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের যে কর্মসূচি পালন করছে, তা আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। এক মাসের বেশি সময় ধরে এই যে ক্লাস ও পরীক্ষা বর্জন চলছে, এর ক্ষতিটা কিন্তু চূড়ান্ত বিচারে শিক্ষার্থীদেরই বইতে হবে। আমরা মনে করি, ক্লাস ও পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণের যৌক্তিক দাবি ও এর গুরুত্বকে বরং হালকা করে দিতে পারে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। আমরা মনে করি, নিজেদের স্বার্থেই শিক্ষার্থীদের উচিত এ ধরনের অবস্থান থেকে সরে আসা। একই সঙ্গে আমরা ডুয়েট ক্যাম্পাস সম্প্রসারণের জন্য যত দ্রুত সম্ভব ভূমি অধিগ্রহণের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের সংশ্লিষ্ট সব মহলের দৃষ্টি আকর্ষণ করছি।