ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণব্যাধি ডেঙ্গুর প্রকোপ বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপটে ঘটেছে, যখন প্রতিবেশী ভারতেও ডেঙ্গুর ভুক্তভোগী মানুষের সংখ্যা ক্রমবর্ধমান। বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন যে এটা কাকতালীয় নয়। উভয় দেশে এই সময়ে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে এ রোগ বিস্তারের যোগসূত্র থাকতে পারে। এর মূল কারণ জলাবদ্ধতা, আর এটাই মশা প্রজননের জন্য আদর্শ। সুতরাং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশাকে প্রতিরোধ করতে হলে সরকারি, বেসরকারি, সামাজিক, পারিবারিক ও ব্যক্তি পর্যায়ে বিশেষ সচেতনতা গড়ে তোলাটাই এখন সময়ের দাবি। সন্দেহ নেই, নগরবাসী মেয়রদের দিকেই নজর রাখবেন, যাতে তাঁরা প্রকাশ্য স্থানে জমে থাকা পানি অপসারণে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেন।
চলতি মৌসুমে ইতিমধ্যে ঢাকাতে প্রায় দেড় হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছে এবং চারজনের মৃত্যু ঘটেছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব মশা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মানুষকে বোঝাতে হবে যে অহেতুক পানি জমে থাকে এমন কিছুই তারা ঘরে রাখবে না, কারণ সামান্য ডিমের খোসায় জমে থাকা পানিতেও মশার প্রজনন ঘটতে পারে।

সিটি করপোরেশন, পৌরসভা ও সরকারের সংস্থাগুলোকে অবিলম্বে জমে থাকা পানি নিষ্কাশনে পদক্ষেপ নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ডেঙ্গু রোগে বছরে বিশ্বে ২০ হাজার লোকের প্রাণহানি এবং ১০ কোটি লোক আক্রান্ত হয়ে থাকে। যদিও ভ্যাকসিন নেই, তারপরও আক্রান্ত ব্যক্তিরা যদি যথাসময়ে সঠিক চিকিৎসা নিতে পারে, তাহলে এই রোগে মৃত্যু কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। সুতরাং সিটি করপোরেশনগুলোর দায়িত্ব হচ্ছে জলাবদ্ধতা দূর, নর্দমা পরিষ্কার ও মশা মারার ওষুধ স্প্রে করা। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে বিভিন্ন হাসপাতালে এই রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। আর জনগণের দায়িত্ব হলো প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা। সবার সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু মোকাবিলার বিকল্প নেই।