এ বছর বাংলাদেশে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৮ সালে বাংলাদেশে মোট ১০ হাজার ১৪৮ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আর এ বছরের জুলাই মাস না পেরোতেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছিল ১৬ হাজার ২৫৩। গত মাসের শেষে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের ক্রমবর্ধমান চাপে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলো সুচিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। তার পরের দুই সপ্তাহে শুধু রাজধানীতেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়েনি, দেশের প্রায় সব জেলাতেই এই রোগ ছড়িয়ে পড়েছে এবং জেলা হাসপাতালগুলোতেও তাদের সুচিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে উঠেছে। ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এই সংখ্যা আরও বাড়ছে, প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
অর্থাৎ, এ বছর ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা আমাদের অতীতের সব অভিজ্ঞতা অতিক্রম করে গেছে। এ ধরনের সংকটময় পরিস্থিতিতে কোনো দেশের চিকিৎসাব্যবস্থার সামর্থ্য, দক্ষতা, গুণমান ও সামগ্রিক ব্যবস্থাপনা বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হয়; ঘাটতি ও সীমাবদ্ধতাগুলো স্পষ্টতর হয়ে ওঠে। ইতিবাচক দিক যদি কিছু থেকে থাকে, তবে সেগুলোও লক্ষণীয় হয়ে ওঠে।
সংবাদমাধ্যমে এমন অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেগুলোতে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক সমাজের আন্তরিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। চিকিৎসকেরা স্বাভাবিক রুটিনের মধ্যে তাঁদের দায়িত্ব পালন সীমাবদ্ধ রাখেননি, অতিরিক্ত সময়ও কাজ করেছেন এবং করছেন। ডেঙ্গু রোগীর ভিড় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গতকাল ৪০ শয্যার ডেঙ্গু চিকিৎসা সেবাকেন্দ্র খোলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ একপর্যায়ে কার্যত একটি ডেঙ্গু বিভাগে পরিণত হয়েছে। ডেঙ্গু রোগীদের স্থানসংকুলান না হওয়ায় হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডের মাঝের ফাঁকা জায়গায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি তলায় বিশেষ কেন্দ্র খোলা হয়েছে। ওই হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ভবনকে সাময়িকভাবে ডেঙ্গু ইউনিট হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানেও চিকিৎসকদের বাড়তি দায়িত্ব পালনের ব্যবস্থা করা হয়েছে।
তেজগাঁওয়ের সরকারি গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে; সরকারি–বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেসব মেডিকেল টিমকে। এ ছাড়া সরকারি জেনারেল হাসপাতালগুলোতে ডেঙ্গু কেন্দ্র খোলা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এসব উদ্যোগের সাফল্য দৃশ্যত অনেকটাই চিকিৎসকদের ওপর নির্ভরশীল। চিকিৎসকদের আন্তরিক দায়িত্বশীলতার খবর সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে। ঈদুল আজহার ছুটিতেও তাঁরা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত থেকেছেন। রাজধানীর একটি হাসপাতালে ৮ জন চিকিৎসক ও ২৮ জন নার্সের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বেরিয়েছে।
কিন্তু শুধু চিকিৎসকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা একেবারেই যথেষ্ট নয়। বরং এ রকম জরুরি পরিস্থিতিতে তাঁদের অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে, যখন দেখা যায় রোগীর সংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যাও খুবই কম; পরিচ্ছন্নতাকর্মীর অভাবে হাসপাতালগুলোর অস্বাস্থ্যকর পরিবেশের শোচনীয় দশার খবরও সংবাদমাধ্যমে বেরিয়েছে। এসব সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসকেরা ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার যে আন্তরিক প্রয়াস চালাচ্ছেন, তা অবশ্যই প্রশংসনীয়।