ড্রাফটিং বিভাগের জবাবদিহি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুলস অব বিজনেস অনুযায়ী, সরকারের যেকোনো মন্ত্রণালয় কোনো আইনের খসড়া যে রকমই তৈরি করুক না কেন, সেটা ড্রাফটিং বিভাগকে দেখিয়ে নেওয়াটা বাধ্যতামূলক। সুতরাং, কোনো আইনের নীতিবিষয়ক কোনো গলদ বা ত্রুটি-বিচ্যুতির জন্য তাদের কোনো দায় না থাকলেও আইনের বাক্যগঠন ও ভাষারীতি-সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতির দায় প্রধানত তাদেরই নিতে হবে।

এটা দুঃখজনক যে বাংলা ভাষায় আইন প্রণয়নের কাজ শুরু হওয়ার পর থেকে ত্রুটিপূর্ণ আইনের সংখ্যা বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো আইনের আলোকে বিধিবিধান গ্রহণ করতে গিয়ে এমনই ভুল ও বিভ্রান্তিকর অনুবাদ করা হয়েছে; যার ফলে আইনের মূল উদ্দেশ্য ভেস্তে গেছে।

প্রধান বিচারপতি আইনের ত্রুটির উদাহরণ দিয়ে বলেছেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনের ত্রুটির কারণে হাজার হাজার রিট হয়েছে। তবে এ প্রসঙ্গে আমরা সংবিধানের ১১০ অনুচ্ছেদটির কার্যকর প্রয়োগ বৃদ্ধি দেখতে চাই। কারণ, এই অনুচ্ছেদটি বলেছে, জনগুরুত্বসম্পন্ন কোনো মামলায় আইনের প্রশ্ন থাকলে হাইকোর্ট বিভাগ তা দ্রুত সুরাহা করে দেবেন। আমরা আশা করব, সংসদ ত্রুটিমুক্ত আইন তৈরিতে এবং বিচার বিভাগ তার এখতিয়ারের মধ্যে থেকে এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে যা করার দরকার, তা–ই তাঁরা করবেন। রিটের ক্ষেত্রে যখন রুল ইস্যু করা হয়, তখন সরকারকে তার উত্তর দিতে একটি সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু যখন সরকার তা অগ্রাহ্য করে চলে, তখন বিচার বিভাগের নিষ্ক্রিয় থাকাটা প্রত্যাশিত নয়।