ঢাকা ও চট্টগ্রামে বায়ুদূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এ দুই মহানগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে, কিন্তু এ ব্যাপারে যে কিছু করা দরকার, এমন তাগিদ কোনো তরফেই লক্ষ করা যাচ্ছে না।
ঢাকা নগরীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি, উড়ালসড়ক নির্মাণ, বাড়িঘর নির্মাণ ও ভাঙাচোরা রাস্তায় যানবাহন চলাচলের কারণে বাতাসে ধুলার পরিমাণ অত্যধিক মাত্রায় বেড়েছে। এ মহানগরীর চারপাশের ইটভাটায় নিম্নমানের কয়লা ব্যবহার ও যানবাহনে নিম্নমানের জ্বালানি ব্যবহারের কারণে বায়ু দূষিত হচ্ছে। আর চট্টগ্রাম নগরীর বাতাস এখন পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে দূষিত। বায়ুদূষণের কারণে শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। ইতিমধ্যে শিশুসহ অনেক মানুষ শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে দূষিত মেগাসিটির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। গত অক্টোবরে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বায়ুদূষণজনিত অসুখে বছরে সাড়ে আট হাজার শিশু মারা যায়।
চিকিৎসকদের মতে, বাতাসে দূষণের মাত্রা বেড়ে গেলে আমাদের স্ট্রোক, হার্টের অসুখ, হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদির ঝুঁকি বেড়ে যায়। মানবদেহে ক্যানসার সৃষ্টির একটি বড় কারণ হচ্ছে বায়ুদূষণ। বিশেষ করে ফুসফুস ও মূত্রাশয়ের ক্যানসারের অন্যতম কারণ বায়ুদূষণ।
এই দুটি নগরীর বায়ুদূষণের জন্য দায়ী মূলত মানুষ। পরিকল্পনাহীন কর্মকাণ্ডের ফলে আজকে নগরী দুটির পরিবেশের এই হাল। এখনই সচেতন না হলে আগামী কয়েক বছরের মধ্যে নগরী দুটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এ জন্য সরকারসহ নগর পরিকল্পনাবিদদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এমন পদক্ষেপ নিতে হবে যাতে যখন-তখন কেউ যেন রাস্তা খুঁড়তে না পারে। যথাযথ বিধি মেনে বাড়িঘর নির্মাণ করতে হবে। ইটভাটায় নিম্নমানের কয়লা ও যানবাহনে নিম্নমানের জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে।