ঢাকা ওয়াসাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার প্রকাশিত প্রথম আলোর খবরে বলা হয়, হাজি ক্যাম্পের পশ্চিম দিকে উন্নয়নকাজের জন্য স্থানীয় কসাইবাজার খালের কালভার্ট অংশ আরও ভরাট করা হয়েছে। এতে সহজভাবে পানি বেরিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে। ৪ নম্বর সেক্টরের পূর্ব দিকে রেলওয়ের জলাশয় ছিল এবং বৃষ্টির পানি এ জলাশয় থেকে রেলওয়ে কালভার্ট পথে কসাইবাজার খাল হয়ে হাজি ক্যাম্প এবং পরে কুড়িল উড়ালসড়ক খালে চলে যেত। এখন তা বন্ধ। কসাইবাজার খাল এলাকায় রেলওয়ের ৪০ নম্বর কালভার্ট ভরাট হয়ে চওড়ায় অনেক ছোট হয়ে গেছে। খালের পাড়ে বস্তি ও দোকানপাটের সংখ্যা আরও বেড়ে গেছে। সেগুলোর বর্জ্যও খালে ফেলা হয়।

জলাবদ্ধতা নিরসনে পূর্ব পাশে সিটি করপোরেশনের বড় নর্দমাকে রেলওয়ে কালভার্ট পর্যন্ত সম্প্রসারণ করে হাজি ক্যাম্পের বর্তমান খালের সঙ্গে যুক্ত ও পুনরায় খনন করতে ঢাকা ওয়াসার কাছে সুপারিশ করেছিল উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। কিন্তু সেই সুপারিশ আমলে নেয়নি ওয়াসা। এ ব্যাপারে ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য হচ্ছে, সুপারিশের আলোকে কাজ করতে হলে প্রকল্প হাতে নিতে হবে। বড় প্রকল্পে হাত দেওয়ার আগে সার্বিক সমাধান সম্ভব নয়।

উত্তরা ৪ নম্বর সেক্টরে রয়েছে ২১টি সড়ক। সঙ্গে রয়েছে কয়েকটি শাখা সড়ক। এসব সড়কে বাসাবাড়ির পাশাপাশি রয়েছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। প্রতিদিন শত শত মানুষ এসব সড়ক দিয়ে চলাচল করে। ‘বড়’ প্রকল্প হবে, সেই দোহাই দিয়ে এলাকাবাসীর বর্তমান দুর্ভোগকে উপেক্ষা করার সুযোগ নেই। দ্রুত উদ্যোগ নিয়ে জলাবদ্ধতার সমস্যা দূর করুন।