ঢাকা জেলা পরিষদের পুকুরচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থ ব্যয়ের ক্ষেত্রে ঢাকা জেলা পরিষদের পুকুরচুরির যে চিত্র পাওয়া গেল, তাতে স্তম্ভিত হতে হয়। দেশের বাকি ৬৩টি জেলা পরিষদের চিত্রও যদি কমবেশি একই রকমের হয়, তাহলে মানতে হবে, স্থানীয় সরকারব্যবস্থার এই তৃতীয় স্তরটিতে লাগামহীন লুটপাট স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।

ঢাকা জেলা পরিষদ উন্নয়নমূলক কর্মসূচির আওতায় ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনটি অর্থবছরে মোট ৬ হাজার ৪৮৬টি প্রকল্প ‘বাস্তবায়ন’ করেছে বলে নথিতে বলা হচ্ছে। প্রথম আলো ২০১৩-১৪ অর্থবছরের ১৭৫টি প্রকল্প সম্পর্কে সরেজমিনে অনুসন্ধান চালিয়ে দেখতে পেয়েছে, ১৩৫টি প্রকল্পের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ ৭৭ শতাংশ প্রকল্পের নামে স্রেফ অর্থ লোপাট করা হয়েছে। আবার যেসব বাস্তবায়িত প্রকল্পের অস্তিত্ব পাওয়া গেছে, সেগুলোর মধ্যে ১৬ শতাংশ প্রকল্প যাঁরা বাস্তবায়ন করেছেন, তাঁরা কোনো অর্থই পাননি। বরাদ্দ করা অর্থের অর্ধেকটা পরিশোধ করা হয়েছে ৭ শতাংশ প্রকল্পের ক্ষেত্রে।

আরও বিস্ময়কর তথ্য হলো, ২০১৩-১৪ অর্থবছরে ‘বাস্তবায়িত’ প্রকল্পগুলোর মধ্যে ১৩৭টি প্রকল্পের জন্য পরিশোধিত অর্থের চেক গ্রহণ করেছেন মনির নামে একজন ব্যক্তি, যাঁর পুরো নাম ও ঠিকানা সংশ্লিষ্ট নথিতে নেই। কালাম নামে আরেক ব্যক্তি নিয়েছেন ১১০টি প্রকল্পের অনুকূলে দেওয়া চেক। এমনকি ঢাকা জেলা পরিষদের একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে দেওয়া হয়েছে ১০টি প্রকল্পের চেক। জেলা পরিষদের প্রশাসক এই চেকগুলো অনুমোদন করেছেন। অথচ নিয়ম অনুযায়ী চেকগুলো গ্রহণ করার কথা প্রকল্প কমিটি ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের।

বলা বাহুল্য, ঢাকা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডের নামে তহবিল তছরুপের এই চিত্র হিমশৈলের ভাসমান অংশের মতো, পানির নিচের অদৃশ্য অংশটি অতিকায়। আর একটি জেলা পরিষদের এই আংশিক নমুনা সারা দেশের বাকি জেলা পরিষদগুলো সম্পর্কেও ধারণা দেয় বৈকি। প্রশ্ন হচ্ছে, দুর্নীতির এ রকম লাগামহীন চর্চার কি কোনো প্রতিকার নেই?

প্রতিকারের উদ্যোগ অবশ্যই নিতে হবে। অবিলম্বে তদন্ত শুরু করুন, এসব পুকুরচুরির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।