ঢাকা ডোবার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের প্রিয় রাজধানী যে দুর্ভোগময় জলাবদ্ধতার শিকার হয়, এবার তা কী ভয়াবহ রূপ নিতে পারে, তার কিছু আভাস পাওয়া গেল গত কদিনের বৃষ্টিতে। গত সোমবারের ৩২ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অনেক এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছিল। অনেক এলাকার পাড়া-মহল্লায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, বৃষ্টি থামার পরও সে পানি নেমে যেতে অস্বাভাবিক রকমের দীর্ঘ সময় লেগে যায়। এর অর্থ, এই মহানগরীর পানিনিষ্কাশনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এ দুর্বলতা নতুন বিষয় নয়, বছরের পর বছর ধরে চলে আসছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এই মহানগরীর এক স্থায়ী সমস্যা হিসেবে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে।
প্রশ্ন হলো পানিনিষ্কাশনব্যবস্থার এমন দুর্বলতার কারণ কী? প্রথমত, প্রয়োজনের তুলনায় নালা-নর্দমার সংখ্যা অনেক কম। দ্বিতীয়ত, যেসব নালা-নর্দমা আছে, সেগুলো নিয়মিত ও যথাযথভাবে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয় না বলে সেগুলোর পানিনিষ্কাশনের ক্ষমতা বেশ কম। তৃতীয়ত, পানিনিষ্কাশনব্যবস্থার দুর্বলতা দূর করা ও দক্ষতা বাড়ানোর সামগ্রিক ও সমন্বিত উদ্যোগের অভাব। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের ভাবনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে সাময়িক ভিত্তিতে, কেবল সমস্যা দেখা দিলেই তা সমাধানের উদ্যোগ নেওয়া এবং চটজলদি অর্থ ব্যয় করার যে প্রবণতা লক্ষ করা যায়, সেটাই মূলত এই মহানগরীর জলাবদ্ধতাকে এক চিরকালীন সমস্যায় পরিণত করেছে।

পানিনিষ্কাশনব্যবস্থা নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের পেছনে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। কিন্তু তার ফলে জলাবদ্ধতা দূর হয় না। একটি ছোট্ট উদাহরণ কাঁঠালবাগানের রাস্তা ও নর্দমার সংস্কারকাজ: প্রায় চার কোটি টাকা ব্যয় করে গত ফেব্রুয়ারিতে এই কাজ শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু এপ্রিল মাসের সামান্য বৃষ্টিতেই ওই এলাকার ফ্রি স্কুল স্ট্রিট ও শিকদার গার্ডেন রোডে মোট সাতবার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাহলে এই বিপুল অঙ্কের অর্থ কেন ব্যয় করা হলো? এর জবাবদিহি কোথায়?
এ রকম দৃষ্টান্ত শুধু এক কাঁঠালবাগান এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয়।

কোনো নগরের পানিনিষ্কাশনের পথগুলো যে পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং একটি এলাকায় পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হলে যে অন্য এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, এটা বুঝতে বিশেষ প্রকৌশল জ্ঞানের প্রয়োজন হয় না। কাঁঠালবাগান এলাকার নর্দমা সংস্কারের সুফল পাওয়া যায়নি এই কারণে যে ওই নর্দমা দিয়ে নিষ্কাশিত পানি ওয়াসার বক্স কালভার্টের মাধ্যমে সোনারগাঁও হোটেলের পেছনে ওয়াসার স্লুইসগেটে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। কারণ, ওই স্লুইসগেট ময়লা-আবর্জনায় প্রায় অকেজো এবং প্রায়ই বন্ধ থাকে। এভাবে দেখা যাচ্ছে কাঁঠালবাগানে সিটি করপোরেশনের নর্দমা সংস্কারের সুফল পাওয়া যাচ্ছে না হাতিরঝিলে ওয়াসার স্লুইসগেটের দুর্বলতার কারণে।

ঢাকা মহানগরের পানিনিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার। এই সংস্থাটি নর্দমা ও বক্স কালভার্টগুলো সারা বছর পরিষ্কার করে না, অপেক্ষা করে বর্ষা মৌসুমের জন্য। বর্ষার আগে তারা এই বাবদে অর্থ বরাদ্দ চায়। এবারও পেয়েছে ৪০ কোটি টাকা। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের যুক্তি অদ্ভুত: বর্ষাকালেই নর্দমা পরিষ্কার করতে হবে। কারণ, তার আগে করলে নর্দমা ভরে যাবে।

সংস্থাটি সম্ভবত ভুলে গেছে যে পানিনিষ্কাশনের নালা-নর্দমা ও বক্স কালভার্টগুলো পরিষ্কার রাখা একটা নিয়মিত দায়িত্ব, যেন সেগুলো সব সময় সচল থাকে। এটা সারা বছরের নিয়মিত কাজ, মৌসুমি তৎপরতা নয়। বর্ষাকালে নালা-নর্দমা পরিষ্কারের কাজ সুষ্ঠুভাবে সমাধা করা বরং কঠিন। কারণ, নর্দমা থেকে তোলা ময়লা-আবর্জনা বৃষ্টির পানিতে ধুয়ে আবার নর্দমায় গিয়ে পড়ে।
এই বর্ষায় ঢাকার জলাবদ্ধতা বেড়ে যেতে পারে—এই আশঙ্কা মাথায় রেখে ওয়াসার এখনই তৎপর হওয়া উচিত।