ঢাকা বিশ্ববিদ্যালয় কড়া পদক্ষেপ নিক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহর প্রায় বৃক্ষশূন্যই বলা চলে। অল্প যে কটি এলাকা এখনো সবুজ আছে, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্যতম। সেখানেও কয়েক বছর ধরে একের পর এক গাছ উপড়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে গাছ ফেলার ঘটনাও ঘটছে। যা নিয়ে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে সমালোচনাও তৈরি হয়।

সর্বশেষ সেটি আবারও দেখা গেল বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে। গত সোমবার সেখানকার দুটি করবী ফুলের গাছ কেটে ফেলা হয়েছে। নিজেদের সিদ্ধান্তেই ইনস্টিটিউট কর্তৃপক্ষ এ কাজটি করেছে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টারের অনুমতির প্রয়োজন হলেও তার তোয়াক্কা করেনি ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের বরাত দিয়ে প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরির জন্য ৩০ বছরের পুরোনো করবীগাছ দুটি কেটে ফেলা হয়েছে। এর আগেও একই জায়গায় গাছ কাটা হয়।

ক্যাম্পাসে গাছ গাটা বা এ ধরনের কোনো বিষয় হলে বিভিন্ন দপ্তর থেকে আরবরি কালচার সেন্টারকে চিঠি দেওয়া হয়ে থাকে। এরপর সেখান থেকে সেটি ইনভেস্টিগেট করে বা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়ে থাকে। আরবরি কালচার সেন্টারের পরিচালক ও উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে আরবরি কালচার সেন্টারে এ ধরনের কোনো চিঠি আসেনি। এই গাছ কাটার বিষয়ে আমাদের অবহিত করা হয়নি৷ গাছ কাটার কাজটিতে নিয়ম মানা হয়নি।’

গাড়ি পার্কিংয়ের জায়গার বিষয়টি আলোচনা করে ঠিক করা যেত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) এবং বৃক্ষায়ণ ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সামাদ। তাঁর মতে, অনুমতি ছাড়া গাছ কাটা ঠিক হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এখন কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটিই আমাদের দেখার অপেক্ষা।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক জরিপ জানাচ্ছে, ক্যাম্পাসে অন্তত ২০টি বিলুপ্তপ্রায়সহ ৫৪১ প্রজাতির দেশি–বিদেশি উদ্ভিদ ও গাছ রয়েছে। ক্যাম্পাসের অধিকাংশ গাছই বেশ বয়সী। কিছু গাছের বয়স শতবর্ষের কাছাকাছি। এর মধ্যে গত চার বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত ১৫টি গাছ শিকড়সহ উপড়ে পড়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমনকি গোটা ঢাকা শহরের প্রকৃতি-পরিবেশের জন্য উদ্বেগজনক। সেখানে এভাবে কোনো ধরনের অনুমতি ছাড়া গাছ কেটে ফেলা হবে, সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি।