ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইনের কোনো শেষ নেই। ভর্তির লাইন, হলে আসনের লাইন, ডাইনিংয়ের লাইনের সঙ্গে যোগ হয়েছে নতুন লাইন। গ্রন্থাগারে ঢুকতে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে শিক্ষার্থীদের। দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সীমাবদ্ধতার এক করুণ চিত্র তুলে ধরেছে গত মঙ্গলবারের প্রথম আলোয় ুপ্রকাশিত ওই ছবি।সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়াতে হয় শিক্ষার্থীদের। বহু কষ্টে যদিও বা ঢোকা যায়, তার পরও ভেতরে গিয়ে আসন পাওয়া দায়। এদিকে হলেও গাদাগাদি করে থাকার ব্যবস্থা। সুতরাং সেখানেও যে শান্তির পরিবেশে লেখাপড়া করা যাবে, তা নয়। তা ছাড়া উচ্চতর পড়াশোনার জন্য গ্রন্থাগারের কোনো বিকল্প নেই। আর সে ব্যাপারে এত অবহেলা কেন?সাত হাজার শিক্ষার্থীর জন্য নির্মিত হয়েছিল মোট ৬৬০ আসনবিশিষ্ট এই গ্রন্থাগার। মূলত কলা ও সামাজিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রায় ২০ হাজার শিক্ষার্থী এই গ্রন্থাগার ব্যবহার করলেও গ্রন্থাগারের আসনসংখ্যা রয়ে গেছে আগের মতোই। এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সুরম্য অট্টালিকা নির্মিত হলেও গ্রন্থাগার সম্প্রসারণের ব্যাপারে কারও কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। উপাচার্য যদিও তহবিল না থাকার কথা বলেছেন, তার পরও বলতে হচ্ছে, ইচ্ছা থাকলে উপায় হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার দেশের অন্যতম প্রধান সমৃদ্ধ গ্রন্থাগার। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, গবেষক-লেখকদের জন্যও এর দুয়ার অবারিত থাকা উচিত। কিন্তু আসনসংকটে সবই গরল ভেল হয়ে যাচ্ছে। কেবল আসনই নয়, দুর্লভ ও প্রাচীন গ্রন্থগুলোর সংরক্ষণে অবহেলা, বর্তমান যুগের প্রয়োজন উপযোগী বইপত্র সংগ্রহে ঘাটতি, অপরিষ্কার পরিবেশসহ বহুবিধ সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। এর জন্য অর্থ বরাদ্দের অবস্থাও সন্তোষজনক নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, তহবিল পাওয়া গেলে বহুতল ভবন নির্মাণ করা হবে। ‘পাওয়া গেলে’র অনিশ্চয়তার সঙ্গে উদ্যোগহীনতাও জড়িত। পাওয়াকে নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বেসরকারি ও ব্যবসায়িক সংস্থার সাহায্য চাওয়া যেতে পারে। দরকারি কাজে বিলম্ব করা অসমীচীন।