ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলের কর্তৃত্ব সরকার-সমর্থিত ছাত্রসংগঠনের। ছাত্রলীগ না করলে হলে থাকা যাবে না, আওয়ামী লীগের নেতার সুপারিশ দেখাতে না পারলে হল থেকে বের করে দেওয়া হবে। নতুন শিক্ষার্থীদের দিয়ে মারধর-চাঁদাবাজি করানো চলবে। আর উপাচার্য বলবেন, সব দায়িত্ব তো প্রাধ্যক্ষের! বাস্তবতা হলো, প্রশাসনপন্থী শিক্ষকেরও ক্ষমতা নেই ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধাচরণ করার। একমাত্র উপাচার্যের​ই এ ক্ষেত্রে ক্ষমতা রয়েছে প্রশাসনের অধীনে হলগুলোকে নিয়ে আসার।

গত এক বছরে অন্তত ৯৪ জন ছাত্রকে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগ। মিছিল না করায় শীতের রাতে শত শত ছাত্রকে খোলা মাঠে দাঁড় করিয়ে রাখার নজিরও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজির হোতাও ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু কর্তৃপক্ষ সব জেনেও কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না?

মেধা ও নিয়ম অনুযায়ী হলে সিট পাওয়া দুঃসাধ্য। দখলদারির সুবাদে সুস্থ ছাত্ররাজনীতিও একপ্রকার নিষিদ্ধই। ছাত্রসংগঠন যখন দখলদারি চালায়, যখন ছাত্রকর্মীদের স্বাধীন মতামতকে নেতার আনুগত্যের বেদিতে জলাঞ্জলি দিতে হয়। যখন হলগুলো দুর্বৃত্ত-রাজনীতির খোঁয়াড়ে পরিণত হয়, তখন রাজনীতিও নিষিদ্ধ থাকে। অতীতে ছাত্রদল আর এখন ছাত্রলীগ; নাম বদলায় কিন্তু শিক্ষার্থীদের অধিকারও একইভাবে নিষিদ্ধ থাকে।

প্রথমআলোর কাছে উপাচার্য নীতিকথা শুনিয়েছেন, নীতি বাস্তবায়নের দায় এড়িয়েছেন। ছাত্রলীগ যেখান থেকেই শক্তি পাক, উপাচার্যের দায়িত্ব হলগুলোকে দখলমুক্ত করে সব দলমতের শিক্ষার্থীদের সেখানে নিরাপদে থাকার ব্যবস্থা করা।